রামুর ১২ বৌদ্ধবিহার পুড়ে ছাই
রামুর আড়াই শ বছরের পুরোনো কেন্দ্রীয় সীমা বিহারে গিয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দেখা গেছে, ঐতিহ্যবাহী এ বিহারের কিছুই অবশিষ্ট নেই। আট মাস আগে থাইল্যান্ড থেকে আনা অষ্টধাতুর বিশাল বুদ্ধমূর্তির পাশে দাঁড়িয়ে ভিক্ষুরা কান্নাকাটি করছিলেন। বিহারটি ঘিরে রেখেছিলেন সেনাবাহিনীর সদস্যরা। বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতে হাজার হাজার মানুষের সঙ্গে মাথায় লাল কাপড় মোড়ানো ৮০ থেকে ৯০ জন একাধিক দলে বিভক্ত হয়ে সীমা বিহারে ঢোকে। তারা গান পাউডার ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে কাঠের বিশাল বিহারটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা ১৫ জন বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু দুর্বৃত্তরা আমাদের ওপরও হামলা চালায়। এভাবে ভোররাত পর্যন্ত কয়েক দফা আমাদের বাধা দেওয়া হয়।’ প্রজ্ঞানন্দ বলেন, আগুনে বিহারের ছোট-বড় তিন শতাধিক বুদ্ধমূর্তি, বইপত্র, মূল্যবান ধাতু পুড়ে গেছে, যা কোটি টাকা খরচ করেও সংগ্রহ করা যাবে না।অগ্নিসংযোগে ভসঞ্চীভূত হয়েছে শ্রীকুলের প্রায় ৩০০ বছরের পুরোনো লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহার, শ্রীকুল নতুন ক্যাং, হাইটুপী চিংঘর ও বড় ক্যাং, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধবিহার, উত্তর ফতেখাঁরকুল বৌদ্ধবিহার, জাদিপাড়া বৌদ্ধবিহার, উত্তর মিঠাছড়ি বিমুক্তি ভাবনা কেন্দ্রের বৌদ্ধবিহার, লট উখিয়াঘোনা বৌদ্ধবিহার, ফাঁড়িরকুল বৌদ্ধবিহার ও খরুলিয়াবাজার বৌদ্ধবিহার। এসব বিহারের ছোট-বড় সহস্রাধিক বুদ্ধমূর্তি পুড়ে গেছে। লালচিং বিহারের ভিক্ষু ওয়েছেকা ছারা মহাথেরো (৮৭) আক্ষেপ করে বলেন, ‘এলাকার কারও সঙ্গে আমাদের বিরোধ নেই। নিশ্চয় আমরা কোনো পাপ করেছিলাম। নইলে এই ধ্বংসযজ্ঞ দেখতে হতো না।’বৌদ্ধনেতাদের বক্তব্য: বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি বোধিমিত্র বড়ুয়া বলেন, রাত ১২টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করেছে। কিন্তু পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। ৪০টির বেশি বড়ুয়া পরিবারের ঘরবাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। আরও ৬০-৭০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বঙ্কিম বড়ুয়া বলেন, পুলিশ শুরু থেকে নীরব দর্শকের ভূমিকা পালন না করলে এত বড় ক্ষতি হতো না। রাত তিনটার পর সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মাঠে না নামলে অবশিষ্ট মন্দিরগুলোও রক্ষা সম্ভব হতো না। খোলা আকাশের নিচে শতাধিক মানুষ: রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, গভীর রাতে হাজার হাজার মানুষ কেন্দ্রীয় সীমা বিহারের পাশে মেরুংলোয়া বড়ুয়াপাড়ায় হামলা চালায়। এ সময় গান পাউডার ও পেট্রল দিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ১৫টি বসতবাড়ি ভস্মীভূত হয়।গতকাল সকাল ১০টায় ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ‘শত শত মানুষ পোড়া ঘরবাড়ির পাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হা-হুতাশ করছেন। স্থানীয় মন্তিনি বড়ুয়া (৪৫) ও সুমত বড়ুয়া (২৭) বলেন, রাত ১২টার দিকে ওরা স্লোগান দিতে দিতে ঘরবাড়িতে হামলা চালায়। এরপর সর্বত্র আগুন জ্বলে উঠলে আমরা পেছনের দরজা দিয়ে দূরে পালিয়ে প্রাণ রক্ষা করি।’ শ্যামল বড়ুয়া (৩৬) ও তাতু বড়ুয়া (৫০) বলেন, ১৫ ঘরের কেউ পরনের কাপড়চোপড় ছাড়া কোনো সম্পদ রক্ষা করতে পারেনি।