রামুর ৯ দোকানে লুটপাট
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে) গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে একদল অস্ত্রধারী ডাকাত নয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।
এ সময় ডাকাতের প্রহারে নৈশ প্রহরী ছগির আহমদ (৪৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বুধবার রাত দুইটার দিকে একটি পিকআপ নিয়ে ১৮-২০ জন অস্ত্রধারী লোক জোয়ারিয়ানালা বাজারে নেমে নৈশ প্রহরী ছগির আহমদকে হাত-পা বেঁধে ফেলে। এর পর অস্ত্রধারীরা স্থানীয় ব্যবসায়ী শফিকুর রহমানের ‘অমি পোলট্রি’ দোকানের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, এরশাদ উল্লাহর মালিকানাধীন হামিদ স্টোর থেকে এক লাখ ৩০ হাজার টাকা, দিলীপ মহাজনের দোকান থেকে ৩০ হাজার টাকা, ছৈয়দ মিয়ার রড-সিমেন্টের দোকান থেকে আট হাজার টাকাসহ নয়টি দোকান থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে।
ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, ডাকাত দলের সদ্যসরা পিকআপ বোঝাই করে দোকানের মালামাল লুট করে। মালামাল ছাড়াও লুট করে নয়টি দোকান থেকে প্রায় পাঁচ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল ও রামু থানার ওসি মো. সাইকুল আহম্মেদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংসদ কমল ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহম্মেদ বলেন, ডাকাতদের ধরার চেষ্টা চলছে।