রামুর 'আকাশ' নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমায় বাঁচতে দিন। লোভাতুর মানুষ দেখলেই ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। কুঠারাঘাতে, করাত দিয়ে কিংবা বিষপ্রয়োগে আমার অস্তিত্ব বিপন্ন করবেন না। ইতি—আকাশ।’
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দুর্গম করইল্যামুরা পাহাড়ে ২০৯ বছর বয়সী ‘আকাশ’ নামের একটি গজারিগাছের গোড়ায় স্থাপিত পরিচিতি ফলকে লেখা আছে কথাগুলো।
দুর্বৃত্তরা গাছটি কেটে ফেলতে পারে, এই আশঙ্কায় মানুষকে সচেতন করতে বন বিভাগের সহযোগিতায় ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা পরিষদ পরিচিতি ফলকটি লাগিয়েছে।
বন বিভাগের মতে, দেশের কোথাও এত মোটা ও বেশি বয়সী গাছ আর নেই। তাই গাছটির দিকে বিশেষ নজর রেখেছে বন বিভাগ।
স্থানীয় সূত্রমতে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গাছটি কেটে নেওয়ার চক্রান্ত করছে। স্থানীয়দের আশঙ্কা গাছটি ঘিরে এই এলাকায় ‘ইকো ট্যুরিজম ভিলেজ’ গড়ে তোলা না হলে যেকোনো সময় গাছটি কেটে ফেলতে পারে দুর্বৃত্তরা।
সম্প্রতি করইল্যামুরা পাহাড়ে গিয়ে দেখা যায়, গাছটির চারদিকে তৈরি করা পাকা সিঁড়িতে বসে কয়েকজন লোক ছবি তুলছেন।
করইল্যামুরার বৃদ্ধ আবুল কাশেম (৭৪) জানান, জন্মের পর থেকে তিনি গাছটি দেখে আসছেন। পাঁচ বছর আগেও গাছটির আশপাশে বড় কয়েক শ গর্জনগাছ ছিল। সব কেটে সাবাড় করা হয়েছে। এর আগে গজারিগাছটি কেটে ফেলার চক্রান্ত হয়েছে। এখন গোড়ায় বিষ ঢেলে গাছটি মেরে ফেলার চক্রান্ত চলছে।
স্থানীয় খুরশিদা বেগম (৪৫) ও নূর ফাতেমা (৫৫) জানান, প্রতিদিন অসংখ্য লোক গাছটি দেখতে আসেন। এত বড় গাছ নাকি দেশের কোথাও নেই। তাই এলাকার মানুষ রাত-দিন পাহারা বসিয়ে গাছটি বাঁচিয়ে রেখেছেন। গাছটি এখনো ফল দিচ্ছে।
বসার জন্য গাছের চারদিকে গোলাকৃতির পাথরের সিঁড়ি তৈরি করে দিয়েছে জেলা পরিষদ।
গাছের গোড়ায় স্থাপিত ফলকে ‘প্রকৃতির দুরন্ত সন্তান—আকাশ’ নামের এর বয়স উল্লেখ রয়েছে ২০০ বছর। গাছের উচ্চতা ৮০ ফুট। কাঠের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ হাজার ৪০৮ ঘনফুট।
প্রতি ঘনফুট কাঠ ২ হাজার টাকা করে ধরলে গাছটির মূল্য দাঁড়ায় ২৮ লাখ ১৬ হাজার টাকা।
আকাশ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহ-ই-আলম জানান, জেলার চকরিয়ার মেধাকচ্ছপিয়া, ফাঁসিয়াখালী ও টেকনাফের জাহাজপুরায় শতবর্ষী কয়েক হাজার গজারিগাছ থাকলেও এর মতো বড় অথবা বেশি বয়সের গাছ কোথাও নেই। অনেক গবেষণা করে উল্লেখযোগ্য তথ্যসংবলিত ওই ফলক গাছটির গোড়ায় লাগানো হয়। এর আশপাশের বনভূমিতে নতুন করে বনায়নের পাশাপাশি বিশেষ ইকোপল্লি তৈরির পরিকল্পনা করছে বন বিভাগ। তিনি আরও জানান, যাঁরা গাছটি পাহারা দিয়ে রক্ষা করছেন, তাঁদের পুরস্কৃত করার মাধ্যমে অন্যদেরও বনাঞ্চল রক্ষায় উৎসাহিত করা হবে।