রামুর 'আকাশ' রক্ষার শপথ
২০৯ বছর বয়সী গজারিগাছ ‘আকাশ’ রক্ষার শপথ নিয়েছে এলাকার মানুষ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দুর্গম করইল্যামুরা পাহাড়ের পাদদেশে ‘আকাশ’-এর পাশে অনুষ্ঠিত সমাবেশে এ শপথ নেওয়া হয়। গাছটি রক্ষার শপথ করান জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার বলেন, ‘১৩ মার্চ প্রথম আলোর মাধ্যমে আমরা জানলাম, এই গহিন অরণ্যে ২০৯ বছরের “আকাশ” গাছটি শঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছে। তাই গাছটি রক্ষার জন্য আমরা ছুটে এসেছি। গাছটি রক্ষায় আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’
উপস্থিত লোকজন দাঁড়িয়ে গাছটি রক্ষার শপথ নেন। তাঁরা বলেন, ‘আকাশ’ ছাড়াও আশপাশের কোনো গাছ তাঁরা কাটবেন না। কাউকে কাটতেও দেবেন না।
পুলিশ সুপার স্থানীয় ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদের নেতৃত্বে ‘গাছ রক্ষা কমিটি’ গঠনের জন্য রামু থানার ওসিকে নির্দেশ দেন।
সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ, ঈদগড় বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদ, বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান প্রমুখ।
বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, প্রথম আলোয় ‘আকাশ’ নিয়ে সংবাদটি প্রকাশিত হওয়ায় সর্বস্তরের মানুষ গাছটি রক্ষায় এগিয়ে আসছেন। সবার সহযোগিতা পেলে গাছটি আরও ২০০ বছর বাঁচিয়ে রাখা সম্ভব।
চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, একসময় ঈদগড় বনে শতবর্ষী প্রচুর গর্জনগাছ ছিল। কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে ‘আকাশ’ গাছটি রক্ষার জন্য এখানে ইকোপার্ক তৈরির পরিকল্পনা চলছে।