রামেক হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গতকাল রোববার চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃতের ছেলেকে পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছের মৃতের স্বজনেরা। লিখিত অভিযোগে জানা যায়, হূদেরাগে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গতকাল সকালে ভর্তি হন বাঘার নজরুল ইসলাম (৫০)। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে অক্সিজেন দেওয়ার জন্য কর্তব্যরত সেবিকাদের বলেন। কিন্তু তাঁরা দেরি করলে স্বজনেরা বারবার অনুরোধ করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি করেন ও নিজেদের কক্ষে ঢুকে সেবিকারা দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরেই পুলিশ এসে রোগীর স্বজনদের পেটাতে থাকে ও নজরুল ইসলামের ছেলে ইকবাল হোসেনকে থানায় নিয়ে যায়। থানা থেকে ছাড়া পাওয়ার পর ইকবাল হোসেন বাবাকে মৃত অবস্থায় পায়। রাজপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌস আরা বলেন, রোগীর ছেলেকে ধরে থানায় আনা হয়েছিল, তবে তাঁর বাবার মৃত্যুর জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা দায়েমউদ্দিন বলেন, দেরি করার কথা বলে রোগীর লোকজন সেবিকাদের পেটানোয় পুলিশে খবর দেওয়া হয়েছিল। চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি অভিযোগও পাননি।