অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) সংকটের কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১২ দিন ধরে রুটিন অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ অবস্থায় রোগীদের বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যানেসথেসিয়া বিভাগে একজন সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে দুজন সহকারী অধ্যাপক, একজন কনসালট্যান্ট, একজন জুনিয়র কনসালট্যান্ট ও ছয়জন অ্যানেসথেটিস্ট ছিলেন। বিভাগের ছয়জন অবেদনবিদের মধ্যে পাঁচজনই পদোন্নতি নিয়ে অন্যত্র চলে গেছেন। অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচারের জন্য সবকিছু প্রস্তুত থাকার পরও রোগীদের ক্লিনিকে ভর্তি হতে হচ্ছে। এ ছাড়া বিভাগের প্রধান এম আর খান ঢাকায় থাকেন। তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না। তাই বিভাগের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।গত ২ মে সন্ধ্যা ছয়টায় তিনজন মুমূর্ষু রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। অবেদনবিদ নেই বলে তাঁদের অস্ত্রোপচার কক্ষের (ওটি) সামনে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফেলে রাখা হয়। নওগাঁ থেকে আসা বিদ্যুৎ নামের এক রোগীর অভিভাবক জানান, রাত সাড়ে ১০টার পর সেবিকা ও শিক্ষানবিশ চিকিৎসকেরা বলেন, ‘বাঁচতে চাইলে ক্লিনিকে যান।’ পরে অবশ্য হাসপাতালেই একজনের অস্ত্রোপচার করা হয়। অন্য দুজনকে ক্লিনিকে স্থানান্তর করা হয়। অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান জানান, শুরু থেকেই হাসপাতালে ছয়জন অবেদনবিদের পদ রয়েছে। এখন রোগীর সংখ্যা দ্বিগুণ হলেও নতুন পদ সৃষ্টি করা হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান এম আর খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, তিনি এখন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। সাধারণত সার্জারি ও গাইনি বিভাগে সপ্তাহে চার দিন, অর্থোপেডিক সার্জারি বিভাগে দুই দিন এবং নাক-কান-গলা ও চক্ষু বিভাগে এক দিন অস্ত্রোপচার করা হয়। ১২ দিন ধরে এই রুটিন অস্ত্রোপচার বন্ধ রয়েছে। শুধু অর্থোপেডিক সার্জারি বিভাগে বিশেষ ব্যবস্থায় জরুরি কিছু অস্ত্রোপচার করা হচ্ছে।গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, বারবার অস্ত্রোপচারের দিন পরিবর্তন করায় বেশ কয়েকজন রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। অনেককেই বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে।অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি হয়ে এক মাস ১২ দিন ধরে অপেক্ষা করছেন রাজশাহীর মোহনপুর উপজেলার আয়নাল হক (৩০)। সড়ক দুর্ঘটনায় তাঁর হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে। তিনি বলেন, গত ৩০ জুন তাঁর অস্ত্রোপচারের দিন ধার্য করা হয়েছিল। তারপর তা পরিবর্তন করে ৫ জুলাই করা হয়। ৫ জুলাই তাঁদের বলা হয়েছে, ‘অজ্ঞানের ডাক্তার নাই।’ এরপর আর নতুন কোনো দিন ধার্য করা হয়নি।রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান জানান, ২৮ জুন থেকে হাসপাতালে রুটিন অস্ত্রোপচার বন্ধ রয়েছে। হাসপাতালের উপপরিচালক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাঁচজন অ্যানেসথেটিস্ট কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। এই অবস্থায় দ্রুত রামেক হাসপাতালে অ্যানেসথেটিস্ট দেওয়ার জন্য গত মাসে তিনবার স্বাস্থ্য মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।