রায় অপেক্ষমাণ অবস্থায় যুক্তি দেওয়ার সুযোগ পেল আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র  বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ থাকা অবস্থায় যুক্তি উপস্থাপনের সুযোগ পেল আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার নিজামীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে আসামিপক্ষকে এ সুযোগ দিয়ে আদেশ দেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের ১৩ নভেম্বরের আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানি করেন। ওই দিনের আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর যুক্তি উপস্থাপনের নির্ধারিত দিনে আসামিপক্ষ ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিল। এ জন্য মামলার কার্যক্রম শেষ করে রায় অপেক্ষমাণ রাখা হলো। ওই আদেশ পুনর্বিবেচনার শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, ১০ থেকে ১৩  নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু হরতালের জন্য আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় আপিল বিভাগ শুনানির দিন পুনর্নির্ধারণ করেন। ওই দিনগুলোতে হরতালের জন্য আসামিপক্ষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিল না, কিন্তু তাদের সময় দেওয়া হয়নি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা সবসময় আসামিপক্ষকে সময় দিয়েছি, শুধু এই মামলায় নয়, অন্য সব মামলায় সহযোগিতা করেছি। আমরা পত্রপত্রিকার দিকে তাকাই না আমাদের কী সমালোচনা করল, আমরা আপনাদের সর্বোচ্চ সময় দিই। কিন্তু আইনে এ মামলা দ্রুততম সময়ে বিচারের বিধান আছে। আমরা আপনাদের সময় দিতে থাকি, কিন্তু আমরাও   আইনের অধীনে, একসময় আমাদেরও থেমে যেতে হয়। সামনে যদি প্রতি সপ্তাহে তিন দিন হরতাল হয়, আপনি ট্রাইব্যুনালে আসতে পারবেন? এই মামলা ২০১১ সালের। হরতালের সময় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামকে আমরা নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনতে চেয়েছি, সেটাও আদেশে আছে।’

আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে আবারও যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়ে  আদেশে বলেন, রোববার (গতকাল) ও সোমবার—এই দুই দিন আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করতে পারবে। তবে ১৩ নভেম্বরের আদেশ অপরিবর্তিত থাকবে।

এ সময় আবদুর রাজ্জাক ২১ ও ২৪ নভেম্বরও আসামিপক্ষকে যুক্তি উপস্থাপনের সুযোগ দেওয়ার আরজি জানান। ট্রাইব্যুনাল বলেন, পরিস্থিতি অনুসারে পরে এ বিষয়টি বিবেচনা করা হবে। এরপর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এ মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। আজ আসামিপক্ষ আবারও যুক্তি উপস্থাপন করবে।

মোবারকের বিরুদ্ধে মামলা: একই ট্রাইব্যুনালে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শ্যামল চৌধুরী রাষ্ট্রপক্ষের ১২তম ও শেষ সাক্ষী। ১৯ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।