মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বাগেরহাটের আবদুল লতিফ তালুকদার গত সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, ২৩ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আবদুল লতিফকে হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতাল-২-এর ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৭০ বছরের বেশি।
আবদুল লতিফসহ বাগেরহাটের আরও দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শেষে গত ২৩ জুন রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলার অন্য দুই আসামি হলেন শেখ সিরাজুল হক ও খান মো. আকরাম হোসেন।
গত বছরের ১০ জুন আবদুল লতিফসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই রাতেই লতিফকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২০ জুন আকরামকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকা সিরাজুল হক গত বছরের ২১ জুলাই বাগেরহাট সদর থানার ডেমা গ্রাম থেকে গ্রেপ্তার হন। সিরাজুল ও আকরাম বর্তমানে কারাগারে আছেন।