চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে খুনের ঘটনার মামলায় রায় ঘোষণা হতে পারে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, মামলায় ৩০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ায় আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছেন। ২০১৪ সালের ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় হত্যা মামলা করেছিলেন।