রায় আনুন, ফুটপাত পরিষ্কার করে দেব: বেনজীর আহমেদ

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ফুটপাত দখলমুক্ত করতে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ শনিবার বিকেলে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও নিরাপদ সড়ক চাই আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ফুটপাত পথচারীদের জন্য। কিন্তু পুলিশের একার পক্ষে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব নয়। আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা হাইকোর্ট থেকে রায় নিয়ে আসেন। পুলিশ এক দিনে ফুটপাত পরিষ্কার করে দেবে। এটা এক দিনের কাজ।’
ফুটপাত দখলমুক্ত করতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ সবার উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেছেন।
এ দিকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, জনসাধারণকে ফুট ওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু ফুটপাতের অবৈধ দখলদারদের কারণে অনেকে ফুট ওভারব্রিজে ওঠার সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারছে না। তবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মো. শাহাবুদ্দিন বলেছেন, সড়ক দুর্ঘটনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশ। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কোথাও না কোথাও প্রাণহানি ঘটছে, কোথাও মানুষ পঙ্গুত্ব বরণ করছে। যেকোনো মূল্যে সড়ক দুর্ঘটনা রোধ করা প্রয়োজন।
সচেতনতামূলক কর্মসূচি পালন: চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেল চারটায় নিউমার্কেটের ফুট ওভারব্রিজ ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। হ্যান্ডমাইক হাতে নিয়ে ইলিয়াস কাঞ্চন নিজেই বলতে থাকেন, ‘আপনারা দয়া করে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবেন না। কেউ দাঁড়িয়ে থাকবেন না।’ এ সময় স্বেচ্ছাসেবী ও পুলিশকেও ফুটপাত ও ফুট ওভারব্রিজ ব্যবহারে মানুষকে বাধ্য করতে দেখা যায়। একপর্যায়ে বাঁশ দিয়ে ফুটপাত থেকে রাস্তায় নেমে আসার পথ বন্ধ করা হয়। বিকেল সাড়ে পাঁচটার পর অনুষ্ঠান শেষ হলে বাঁশগুলো সাধারণ মানুষ সরিয়ে নিয়ে আবার রাস্তার ওপর দিয়ে হাঁটতে শুরু করে। কয়েকজনকে ঠাট্টা করে বলতে শোনা যায়, এক দিনের জন্য এসব উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না।
৮ সেপ্টেম্বর থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে জনসাধারণকে পাঁচটি ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করার কর্মসূচি পালিত হয়। আজ ছিল এ কর্মসূচির শেষ দিন।