রায় কার্যকর করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবীদের হত্যার দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় কার্যকরের তাগিদ দিয়েছেন শহীদদের স্বজনেরা। গতকাল রোববার ওই দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তাঁরা এ তাগিদ দেন। তাঁরা বলেছেন, পলাতক এই দুজনকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করলেই শহীদদের আত্মা শান্তি পাবে।
রায়ের পর প্রতিক্রিয়ায় চক্ষুবিশেষজ্ঞ শহীদ ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘এই রায়ের জন্য আমরা দিনের পর দিন অপেক্ষায় থেকেছি। চোখের পানি ফেলেছি। কথা ছিল, স্বামীকে নিয়ে স্বাধীন দেশের পতাকা ওড়াব...। এই রায়ের মাধ্যমে আক্ষেপ কিছুটা দূর হলেও পুরোপুরি সন্তুষ্ট নই। রায়ের বাস্তবায়ন চাই।’ তিনি বলেন, একাত্তরে আলবদররা বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে, যার অপারেশন ইনচার্জ ছিলেন মুঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান।
একাত্তরের ১৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে পল্টনের বাসা থেকে চিকিৎসক আলীম চৌধুরীকে ধরে নিয়ে যায় আলবদররা।
রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সপরিবারে এসেছিলেন শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে ও এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী অনির্বাণ মোস্তফা (৪২)। একাত্তরে তাঁর বাবা দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক ও মুঈনুদ্দীন ছিলেন নিজস্ব প্রতিবেদক। একদিন স্বাধীনতা নিয়ে বাগিবতণ্ডার সময় মুঈনুদ্দীন তাঁর বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। ১০ ডিসেম্বর গোলাম মোস্তফাকে গোপীবাগের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
রায়ের পর আবেগাপ্লুত অনির্বাণ মোস্তফা বলেন, ‘আমি বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। আমি বাবার হাতে থাকা অবস্থায় বাবাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবার মতো আরও অনেক বুদ্ধিজীবীকে আলবদররা ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু এত দিন ধরে সেই বিচার আমরা পাইনি। দেরিতে হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি। আমি মনে করি, এতে শহীদদের পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে। আমার দাবি, ঘাতকদের ফিরিয়ে এনে রায়ের বাস্তবায়ন করা হোক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শহীদ গিয়াসউদ্দিন আহমেদের বোন ফরিদা বানু রায় শোনার পর আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘রায় মনঃপূত হয়েছে। দ্রুত এই রায় কার্যকর চাই।’ গিয়াসউদ্দিন হত্যার ঘটনায় ১৯৯৭ সালে তিনি রমনা থানায় মামলা করেন। ওই মামলাটিকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মামলার ভিত মনে করা হয়।
একাত্তরের যেদিন গিয়াসউদ্দিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর বাসায় ছিলেন ভাগনি মাসুদা বানু। প্রথমে গিয়াসউদ্দিনের খোঁজে ওই বাসায় যাওয়া দুই অস্ত্রধারী আগন্তুক মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে চিনতে পেরেছিলেন রাষ্ট্রপক্ষের এই সাক্ষী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ওই দুই নরঘাতককে দ্রুত দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে, তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে ও দেশ কলঙ্কমুক্ত হবে।’
অধ্যাপক গিয়াসউদ্দিন অপহরণের প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘রায় যথার্থ হয়েছে। এতে স্যারের আত্মা শান্তি পাবে।’