রায় কার্যকরের এখতিয়ার সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনা-রেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের বিষয়টি এখন সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(৩) ধারায় বলা হয়েছে, এ আইনের অধীনে দেওয়া দণ্ড সরকারের আদেশ অনুসারে কার্যকর হবে। গত রোববার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মৃত্যু পরোয়ানাকে ত্রুটিপূর্ণ দাবি করে স্বরাষ্ট্রসচিব, কারা মহাপরিদর্শকসহ কারা কর্তৃপক্ষের চারজন ও জেলা ম্যাজিস্ট্রেটকে আইনি নোটিশ পাঠিয়েছেন কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক। এই পরোয়ানার ভিত্তিতে কোনো পদক্ষেপ না নিতে তাঁদের অনুরোধ জানানো হয়েছে।

আসামিপক্ষ বলছে, তারা আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করবে। কাদের মোল্লার স্ত্রী দাবি করেছেন, পুনর্বিবেচনার অধিকার না দিয়ে এবং কারাবিধি (জেল কোড) অনুসরণ না করে সরকার তড়িঘড়ি তাঁর স্বামীকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এটা মানবাধিকারের পরিপন্থী।

সবকিছু সরকারের ওপর: কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার বিষয়ে আইনগত দিকগুলো নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর আইনবিষয়ক উপদেষ্টা শফিক আহমেদের দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দণ্ড কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার কারা কর্তৃপক্ষকে রায় কার্যকরের নির্দেশ দিলে কারা কর্তৃপক্ষ তা কার্যকর করবে।

কেন পুনর্বিবেচনা করা যাবে না—এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৭ক(২) অনুচ্ছেদে বলা হয়েছে, যে ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের আইন প্রযোজ্য হয়, সেই ব্যক্তির এই সংবিধানের অধীনে কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার অধিকার থাকবে না। কাদের মোল্লার ক্ষেত্রে ৪৭(৩) অনুচ্ছেদ প্রযোজ্য।

সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানে যা বলা হয়েছে, তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো ব্যক্তিকে আটক বা দণ্ড দেওয়ার বিধানসংবলিত কোনো আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য হবে না।

উচ্চপর্যায়ের ওই বৈঠকের পর আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের আইন অনুসারে আপিলের রায় পুনর্বিবেচনার সুযোগ নেই, এ ক্ষেত্রে কারাবিধিও প্রযোজ্য নয়। সরকার যেকোনো দিন রায় কার্যকর করতে পারবে। তবে পুনর্বিবেচনার বিষয়টি একেবারেই আপিল বিভাগের এখতিয়ারভুক্ত।

জানতে চাইলে কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন খন্দকার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে রায় কার্যকর করা হবে। তবে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা তাঁরা পাননি।

আসামিপক্ষের ভিন্নমত: আসামিপক্ষ বলছে, তারা আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করবে। তাদের দাবি, কাদের মোল্লার ক্ষেত্রে কারাবিধি প্রযোজ্য।

কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, স্বাভাবিকভাবে উচ্চ আদালত যখন একটা রায় দেন, সেই রায় পুনর্বিবেচনার সুযোগ থাকে। রায়ের প্রত্যায়িত অনুলিপি পেলে পুনর্বিবেচনার আবেদন করা হবে।

দণ্ড কার্যকর প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, বিশেষ আইনে প্রক্রিয়া লেখা না থাকলে ফৌজদারি কার্যবিধি অনুসারে সেটা করা হয়। আইনে কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার কোনো উল্লেখ নেই। স্বাভাবিকভাবে এখানে কারাবিধি প্রযোজ্য হবে।

আইনি নোটিশের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, কারাবিধিতে স্পষ্ট বলা হয়েছে, যে আদালত মৃত্যুদণ্ড দেবেন, সেই আদালত মৃত্যুদণ্ডের পরোয়ানা কারাগারে পাঠানোর পর কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেননি, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, অথচ মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন। এটা বেআইনি। সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছেন, সুপ্রিম কোর্টের মৃত্যু পরোয়ানা পাঠাতে হবে। কারাবিধিতে ২১ থেকে ২৮ দিনের মধ্যে দণ্ড কার্যকরের কথা বলা হয়েছে। মৃত্যু পরোয়ানা জারির পর দিন গণনা শুরু হয়। এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুনর্বিবেচনার আবেদন করা হলে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যায় না।

এ সময় কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবারের সংবাদ সম্মেলন: কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান দাবি করেছেন, তাঁর স্বামীকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) অধিকার থেকে বঞ্চিত করে এবং কারাবিধি অনুসরণ না করে সরকার তড়িঘড়ি ফাঁসি কার্যকরের চেষ্টা করছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সানোয়ার জাহানের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তাঁর ছেলে হাসান জামিল।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে কাদের মোল্লার আপিল রিভিউ করার অধিকার রয়েছে। যেহেতু একজন বিচারপতি মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছেন এবং অন্য পাঁচটি অভিযোগ থেকে খালাস দিয়েছেন, তাই রিভিউ করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জানতে পেরেছি, সরকার তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকরের চেষ্টা করছে। রিভিউ করার অধিকার না দিয়ে এবং জেল কোডের বিধান অনুসরণ না করে তাঁকে দ্রুত ফাঁসি দেওয়ার যে চেষ্টা চলছে, তা সর্বজনীন মানবাধিকারের পরিপন্থী।’

সংবাদ সম্মেলনে কাদের মোল্লার মেয়ে আমানাতুন পারভীনও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির ক্ষমা: যেকোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। তবে রাষ্ট্রপতির কাছে কাদের মোল্লা প্রাণভিক্ষা চাইবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। গতকাল এ প্রশ্নের সরাসরি কোনো জবাব দেয়নি তাঁর পরিবার। কাদের মোল্লার ছেলে হাসান জামিল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কারাগারে আমার বাবা পূর্ণাঙ্গ রায় পড়বেন। মঙ্গলবার আইনজীবীদের সঙ্গে দেখা করে তিনি এ বিষয়ে চূড়ান্ত অভিমত দিতে চান।’

১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণার পর হাসান জামিল সাংবাদিকদের এবং গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোকে বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার চিন্তা করতেও বাবা তাঁদের নিষেধ করে দিয়েছেন।