রায় ঘোষণার পরই তাণ্ডব জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুকে নিয়ে গতকাল সকালে স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হয়েই বিপদে পড়েন এই নারী। রাস্তায় তখন রীতিমতো তাণ্ডব চলছে। চোখেমুখে আতঙ্ক নিয়ে তিনি ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। চট্টগ্রাম শহরের জুবিলী রোড এলাকার দৃশ্য এটি ষ ছবি: ফোকাস বাংলা
শিশুকে নিয়ে গতকাল সকালে স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হয়েই বিপদে পড়েন এই নারী। রাস্তায় তখন রীতিমতো তাণ্ডব চলছে। চোখেমুখে আতঙ্ক নিয়ে তিনি ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। চট্টগ্রাম শহরের জুবিলী রোড এলাকার দৃশ্য এটি ষ ছবি: ফোকাস বাংলা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার চার ঘণ্টার মাথায় হরতাল ডেকেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচির ঘোষণা দেন। এর আগে রায় ঘোষণার পরই গতকাল দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা।
বিবৃতিতে বলা হয়, জামায়াত নেতাদের হত্যার সরকারি ষড়যন্ত্র, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও ইসলাম উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আবদুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও হাসপাতাল হরতালের আওতার বাইরে থাকবে। তবে সংবাদপত্র বহনকারী গাড়ি ও হজযাত্রীদের বিষয়ে কিছু বলা হয়নি।
জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল মঙ্গলবার সকালে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। কয়েকটি এলাকায় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজয়নগরে জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পর নয়াপল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ব্যানারসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। বেলা তিনটার দিকে বিজয়নগরে দুটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে মগবাজার রেলগেটের পাশে আকেকটি ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিজয়নগরের নাইটিঙ্গেল এলাকায় আরও দুটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি। যাত্রাবাড়ীর ধলপুরে জামায়াতের কর্মীরা ঝটিকা মিছিল থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করতে সড়কের পাশের গাছ কেটে ফেলেন ষ ছবি: প্রথম আলো
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করতে সড়কের পাশের গাছ কেটে ফেলেন ষ ছবি: প্রথম আলো


ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: নগরের জুবিলি রোড, তিনপোল মাথা, নন্দনকানন ও এনায়েত বাজার এলাকায় গতকাল ভোর থেকে শিবিরের কর্মীরা জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সবাই তিনপোলের মাথায় আসতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে শিবিরের কর্মীরা বৃষ্টির মতো ককটেল ফাটান এবং জুবিলি রোডের দিকে অগ্রসর হন। হাতের কাছে পেয়ে পুলিশের এসআই মোহাম্মদ আলিম ও নায়েক প্রতাপকে ব্যাপক মারধর করেন শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের জঙ্গি মিছিল জুবিলি রোডের এনায়েত বাজার মোড় এলাকায় পৌঁছে পুলিশের একটি পিকআপ ও আরেকটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ মুহুর্মুহু ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজন ও পরে আশপাশের এলাকা থেকে শিবিরের আরও ছয়জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র হাসানুল বান্না, আইন কলেজের আবদুল জব্বার ও চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সরওয়ারও রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, হাসানুল বান্না এর আগে চকবাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তিন মাস কারাভোগের পর তিনি সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। তিনিই গতকালের মিছিলের সমন্বয় করেন।
সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, কুমিরা ও ফৌজদারহাট এলাকায় মিছিল বের করে জামায়াত। তারা সীতাকুণ্ডের ছোটকুমিরার নিমতলা এলাকায় একটি গাড়ির চাকা পাংচার করে মহাসড়ক অবরোধ করে।
নাটোর: শহরের চকরামপুর থেকে বিকেলে মিছিল বের করে জামায়াত। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছলে পুলিশ লাঠিপেটা শুরু করে। জামায়াতের কর্মীরাও ইটপাটকেল ছোড়েন। সংঘর্ষে জামায়াতের পাঁচ কর্মী আহত হয়েছেন।
সাতক্ষীরা: দুপুর একটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল পেট্রলপাম্পের সামনে জামায়াতের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। তাঁরা তিনটি বাস ও একটি পিকআপ ভাঙচুর করেন। পরে পুলিশ অবরোধ তুলে দেয়। এ সময় শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। এদিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের অন্নের মোড়েও অবরোধ সৃষ্টি করে জামায়াত। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজধানীর বিজয়নগরে সরকারি কর্মকর্তার গাড়িতে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। হামলা থেকে বাঁচতে গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য বেরিয়ে আসেন ষ ছবি: প্রথম আলো
রাজধানীর বিজয়নগরে সরকারি কর্মকর্তার গাড়িতে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। হামলা থেকে বাঁচতে গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য বেরিয়ে আসেন ষ ছবি: প্রথম আলো

খুলনা: শিবির বেলা ১১টায় নগরের পাবলিক কলেজের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি বয়রা মহিলা কলেজের সামনে এলে মিছিলকারীরা একটি ককটেল ফাটায়। পুলিশ ঘটনাস্থল এসে শিবিরের চার কর্মীকে আটক করে।
বাউফল (পটুয়াখালী): বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় সকালে মনির (১৯) নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শিবির। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে ভাঙা ব্রিজ এলাকায় শিবিরের কর্মীদের ওপর হামলা চালান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের এক নেতাকে আটক করেছে।
শেরপুর (বগুড়া): শেরপুরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় বিকেলে মিছিল করে জামায়াত। এতে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা উপজেলার হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের উত্তর বাজার এলাকা থেকে বিকেলে মিছিল বের করে জামায়াত। এ সময় সিলেটের গোলাপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের উদ্দেশ্যে শ্রমিক লীগের নেতা-কর্মীরা বাসে করে ওই এলাকা অতিক্রম করছিলেন। একপর্যায়ে জামায়াতের মিছিল থেকে ঢিল ছুড়ে মারলে একটি বাসের কাচ ভেঙে যায় এবং শ্রমিক লীগের দুই কর্মী আহত হন। পরে শ্রমিক লীগের কর্মীরা বাস থেকে নেমে মিছিলকারীদের ধাওয়া করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর: জামায়াতের কর্মীরা ঢাকা-রায়পুর মহাসড়কের উত্তর তেমুহনী এলাকায় অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
কক্সবাজার ও টেকনাফ: কক্সবাজার শহরে দুপুর দুইটার দিকে মিছিল বের করেন শিবিরের কর্মীরা। পরে পুলিশ ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। টেকনাফের নীলা বাসস্টেশনে দুপুরে জামায়াতের মিছিল থেকে নুর হোসেন সিদ্দিকী ও নুর আহমদ আনোয়ারী নামের জামায়াতের দুই নেতাকে আটক করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ইসরাইল মোড়ে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের করে শিবির। তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ও ককটেল ফাটায়। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।
সিরাজগঞ্জ: জামায়াতের কর্মীরা দুপুরে শহরের ইবি রোডে মিছিল বের করেন। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুটি ককটেল ফাটানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জামায়াতের পাঁচজন আহত হয়েছে।
নোয়াখালী: শিবিরের কর্মীরা দুপুরে শহরের মোহামঞ্চদিয়া মোড় থেকে মিছিল বের করেন। মিছিলটি টাউন হলের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। তিন-চারটি ককটেল ফাটানো হয় সেখানে। সরকারি আবাসিক এলাকায় শিবিরের কর্মীদের ধাওয়া করে ছাত্রলীগ। একপর্যায়ে শিবিরের কর্মীরা যুবলীগের মো. রাজু ও ছাত্রলীগের রহমত উল্লাকে সামনে পেয়ে মারধর করে। পুলিশ অলিউল্লা নামের শিবিরের এক কর্মীকে আটক করে।
এদিকে মাইজদী হাউজিং এস্টেটের মারকাজ মসজিদের সামনে শিবিরের কর্মী সন্দেহে মো. শরিফ নামের নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। কোম্পানীগঞ্জের বসুরহাট প্রেসক্লাবের সামনে থেকে মো. সজীব নামের শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ: সন্ধ্যা ছয়টার দিকে শহরের কালিরবাজার সিরাজদৌল্লাহ সড়ক এলাকায় লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন জামায়াতের কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এদিকে কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিকেলে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় মিছিল বের করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।