রায় দিয়েই ছুটিতে গেলেন বিচারক
অবৈধ অর্থ লেনদেন বা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস ঘোষণা করে রায় দেওয়া ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন ছুটিতে গেছেন। গত রোববার রায় ঘোষণার পরপরই তিনি ছুটিতে যান। তবে দুই দিন কেটে গেলেও তাঁর ছুটির বিষয়টি জানেন না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।
আদালত সূত্রে জানা যায়, রায় শেষে এজলাস ত্যাগ করে বিচারক মো. মোতাহার হোসেন নিজের খাসকামরায় যান। আগে থেকে লেখা ছুটির বিষয়ে অবহিতকরণ চিঠিটি সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তার কাছে রেখে তিনি বাসায় চলে যান।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারা নিজে ছুটি নিয়ে থাকেন। সুপ্রিম কোর্ট বা রেজিস্ট্রার কার্যালয়কে ছুটির বিষয়টি অবহিত করা হয়ে থাকে। ছুটিতে যাওয়া বিচারকের অনুপস্থিতিতে বা তাঁর পরিবর্তে কে দায়িত্ব পালন করবেন, তা-ও তিনি নির্ধারণ করে থাকেন। এ ক্ষেত্রে কী কারণে ছুটিতে যাচ্ছেন, তা জানিয়ে সুপ্রিম কোর্ট বা রেজিস্ট্রারকে অবহিত করা হয়ে থাকে। অনেক সময় ছুটির বিষয়টি টেলিফোনে বা ফ্যাক্সবার্তার মাধ্যমে জানানো হয়। তিনি জানান, গত দুই দিনে ছুটির বিষয়ে কোনো চিঠি তিনি পাননি।
এ দিকে রায় ঘোষণার পর বিচারক ছুটিতে যাওয়ায় পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়া যাচ্ছে না। সূত্র জানায়, আগামী ডিসেম্বরে বিচারক মোতাহার হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তারেক রহমানকে কোন যুক্তিতে খালাস দেওয়া হয়েছে, তা রায়ের অনুলিপি পেলে বোঝা যাবে। এর ভিত্তিতে দুদক আপিলের সিদ্ধান্ত নেবে। বিচারক ছুটিতে থাকার কারণে অপেক্ষা করতে হচ্ছে।