রায় নিয়ে আইনজীবীদের দুই মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের পর প্রথম আলো ডটকমের কাছে প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। প্রতিক্রিয়ায় আইনজীবীদের মধ্যে দুই রকম মত দেখা গেছে।
রিট আবেদনকারীদের আইনজীবী তানিয়া আমীর রাতে নিউইয়র্ক থেকে মুঠোফোনে বলেন, নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় জামায়াতে ইসলাম নামে এখন বৈধ কোনো রাজনৈতিক দল থাকছে না। এর ফলে জামায়াত কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। জামায়াত নামের দলটির কার্যকলাপ এখন সীমিত ও সংকুচিত হয়ে যাবে। এটা গণতন্ত্রের জয়। জনগণই সব ক্ষমতার মালিক, এটা সব রাজনৈতিক দলকে মেনে নিতে হবে।
আইনজীবী মহসীন রশিদ সাংবাদিকদের বলেন, সংখ্যাগরিষ্ঠ মতে আদালত রুল মঞ্জুর করেছেন। বলেছেন, নিবন্ধন আইন শুদ্ধ নয়। পরবর্তী সময় তারা (জামায়াত) সার্টিফিকেট চেয়েছে। আদালত সার্টিফিকেট দিয়েছেন। এর অর্থ লিভ টু আপিল করতে হবে না। সরাসরি আপিল করতে পারবে। রায়ের যুক্তিগুলো পরে দেওয়া হবে। ফলে এখন থেকেই জামায়াতের নিবন্ধন বাতিল হবে, যদি না স্থগিত হয়। নির্বাচন কমিশনের এই মুহূর্তে করার কিছু নেই। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতীক। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে যে সুযোগ সুবিধার কথা আইনে বলা আছে, জামায়াত তা পাবে না। প্রতীক দিয়ে নির্বাচনে প্রার্থী দিতে পারবে না। ফলে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না।
তবে রায় নিয়ে ভিন্নমত পোষণ করেন কয়েকজন আইনজীবী। জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, ‘রায়ের পর আমরা আপিল করেছি। এর ফলে বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। আমি মনে করি, আমরা নির্বাচনে অংশ নিতে পারব। আর আপিল বিভাগ স্থগিত করলে তো পারবই।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ব্রিফিংয়ে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ‘এ রায় ন্যায়ভ্রষ্ট। ভুল রায়। তিনজন বিচারপতি একমত হয়ে রায় দিতে পারেননি। এ রায় জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কোনো প্রভাব ফেলবে না। তারা সব কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।’ তিনি বলেন, ‘হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল হিসেবে ঘোষণা করেছে। এর সঙ্গে আইনগত বিষয় জড়িত থাকায় আমাদের সরাসরি আপিল করার অনুমতি দিয়েছেন। এর অর্থ, বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন।’ তিনি বলেন, ‘আমি চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে গিয়েছিলাম। আদালতের কার্যদিবস শেষ হওয়ায় তিনি আমাদের আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। এ রায়ের ফলে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না, তা বলা যাবে না। কারণ এটা এখন বিচারাধীন বিষয়। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছি। এর ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।’
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন। যিনি রিট আবেদন করেছেন, তিনি হাইকোর্টে ক্লিন হ্যান্ডে (খোলা মনে) আসেননি। কারণ জনস্বার্থের মামলায় হাইকোর্টে আসতে হলে খোলা মন নিয়ে আসতে হয়। রিট আবেদনকারী তরিকত ফেডারেশনের নেতা। আবেদনকারীর রাজনৈতিক দলের গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে। যার গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে, তিনি জামায়াতের গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে রিট করতে পারেন না। এ রিট অপরিপক্ব। এ রায় আইনের রায়, আইনের শাসন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী।’
উপস্থিত বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ রায় দিয়ে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে। কারণ ইসি জামায়াতকে নিবন্ধন দিয়েছিল। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি যে নিবন্ধন দিয়েছিল, এ রায়ের মধ্য দিয়ে ইসির অক্ষমতা প্রকাশ পেয়েছে। ইসি দলের যেকোনো গঠনতন্ত্র দেখে নিবন্ধন দেয়। এ নিবন্ধনের বিষয়টি চ্যালেঞ্জ করে রাজনৈতিক বিষয় আদালতে টেনে আনা অনভিপ্রেত।’