রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মোফাজ্জল হোসেন চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পুনর্বিবেচনার এ আবেদন জমা দেওয়া হয়েছে।
গত রোববার মোফাজ্জল হোসেন চৌধুরীকে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করার অনুমতি দেন আপিল বিভাগের চেম্বার আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ওই আপিল শুনানি শেষে গত ১৪ জুন মোফাজ্জল হোসেন চৌধুরীকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন এবং মামলাটি পুনঃ শুনানির জন্য হাইকোর্টে পাঠান আপিল বিভাগ। গতকাল ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলেন মোফাজ্জল হোসেন চৌধুরী।
এদিকে মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর গতকাল হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ বিষয়ে আবার শুনানি হবে।
এ বিষয়ে বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতকে বলেছি, আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। এ জন্য এখন এই রিটের শুনানি চলতে পারে না।’ রিট আবেদনকারী আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ বলেন, ‘আদালত জানতে চেয়েছেন, পুনর্বিবেচনার আবেদন পেন্ডিং থাকা অবস্থায় এ রিটের শুনানি হতে পারে কি না, এ বিষয়ে আদালত আইন দেখাতে বলেছেন। মঙ্গলবার (আজ) আদালতকে এসব আইন দেখাব।’
গত ৭ জুলাই মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন ইউনূস আলী।