মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা আপিল আদেশ পুনর্বিবেচনার (আপিল রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন কি না, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল মঙ্গলবার সে সাজা বাড়িয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসির আদেশ দিয়েছেন।
আপিলের রায় ঘোষণার পর গতকাল এর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ একটি বিশেষ আইন। এ আইনে আপিলের রায় পুনর্বিবেচনা করার কোনো বিধান নেই। যেহেতু এই আইনের ভিত্তিতেই আপিল হয়েছে, সেহেতু পুনর্বিবেচনারও সুযোগ নেই। দণ্ডিত ব্যক্তির এখন আর একটিই সুযোগ আছে, তা হলো—দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেও তিনি প্রাণভিক্ষা চাইতে পারেন। তবে বিশ্বের কোনো দেশে এ ধরনের অপরাধ করে কেউ মার্জনা পেয়েছেন বলে জানা নেই।
কত দিনের মধ্যে রায় কার্যকর করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট সময়সীমা নেই। তবে রায় সাধারণত দ্রুত কার্যকর হয়। এ জন্য যত তাড়াতাড়ি সম্ভব দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। শাস্তি কার্যকরের ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকার ও আসামিপক্ষকে আপিল আবেদনের অধিকার দেওয়া আছে। কিন্তু আপিল পুনর্বিবেচনার আবেদন করা যাবে কি না—এ বিষয়ে আইনে কিছু উল্লেখ নেই। ২০(৩) ধারায় বলা আছে, এই আইনের অধীনে শাস্তি দেওয়া হলে সরকারের আদেশ অনুসারে তা কার্যকর হবে।
তবে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক। গতকাল আপিল বিভাগের এ রায়ে সংক্ষুব্ধতা প্রকাশ করে তিনি বলেন, বিচারিক আদালত যেখানে মৃত্যুদণ্ড দেননি, সেখানে আপিল বিভাগ সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, যা নজিরবিহীন। কাদের মোল্লার সাংবিধানিক অধিকার রক্ষার জন্য পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাঁরা ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দাখিল করবেন। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার সুযোগ আছে।
বাংলাদেশের সংবিধানের ১০৫ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের যেকোনো আইনের বিধানাবলি সাপেক্ষে এবং আপিল বিভাগ প্রণীত যেকোনো বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা ওই বিভাগের থাকবে।
আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাংবাদিকদের বলেছেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সংবিধান অনুসারে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি মানবাধিকারের প্রশ্ন তুলে কোনো আদালতে যেতে পারবেন না। ট্রাইব্যুনালের আইনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সংবিধানে এ আইনের সুরক্ষা দেওয়া আছে। আইন অনুসারে অভিযুক্তের বিচার হবে ট্রাইব্যুনালে, আপিল হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। যেহেতু পুনর্বিবেচনার কথা নেই, সেহেতু এটাই চূড়ান্ত।
ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক মনে করেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল পুনর্বিবেচনার আবেদন করার অধিকার কাদের মোল্লার আছে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, এ অধিকার যদি দেওয়া হয়, তাহলে এ রায়ের স্বচ্ছতা নিয়ে কোনো দিন প্রশ্ন উঠবে না।
রায় কীভাবে কার্যকর হবে—এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, কারাবিধি অনুসারে এখন রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। যখন তারা জানবে, কাদের মোল্লার আপিল খারিজ হয়ে গেছে, সে মুহূর্ত থেকে ফাঁসি দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। প্রক্রিয়া শুরুর ২১ দিন পর, ২৮ দিনের আগে ফাঁসি কার্যকর করার নিয়ম। তবে এর মধ্যে যদি সংক্ষুব্ধপক্ষ আবেদন করে, তখন তা সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করবে।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ মনে করেন, কাদের মোল্লার আপিল পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে কি না—এর একমাত্র সঠিক ব্যাখ্যা আপিল বিভাগই দিতে পারবেন। প্রথম আলোকে তিনি বলেন, ট্রাইব্যুনালের আইন অনুসারে তাদের আপিল পুনর্বিবেচনার সুযোগ নেই, তবে সংবিধান অনুসারে আছে। পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে ব্যাখ্যা থাকতে পারে। আবার তা যদি না থাকে, তাহলে আপিল বিভাগে আবেদন করে এর সঠিক ব্যাখ্যা পাওয়া যেতে পারে।