আগাম জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া একটি রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন৷
গতকাল বুধবার শুনানির দিন ধার্যের জন্য আবেদনটি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে উপস্থাপন করা হয়৷ আদালত আগামী ১০ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেন৷
পরে আইনজীবী মাহবুব উদ্দিন সাংবাদিকদের বলেন, আগাম জামিনের বিষয়ে আপিল বিভাগের রায়ে দেওয়া গাইডলাইনের কারণে হাইকোর্ট থেকে আগাম জামিন প্রায় বন্ধ হয়ে গেছে৷ বিপরীতে হাজার হাজার রাজনৈতিক হয়রানির মামলা ও মিথ্যা অভিযোগে করা মামলায় শত শত অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে৷ এসব দিক বিবেচনায় নেওয়া হয়নি৷ তাই ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে৷
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন৷