রায় পুনর্বিবেচনার আবেদন করবেন মুজাহিদ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রস্তুতি নিতে বলেছেন। গতকাল শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করার পর তাঁর আইনজীবীরা এ কথা বলেন।
আইনজীবীরা প্রায় আধা ঘণ্টা আলী আহসান মুজাহিদের সঙ্গে কথা বলেন। পরে আইনজীবী শিশির মনির বলেন, মুজাহিদ তাঁদের রিভিউয়ের প্রস্তুতি নিতে বলেছেন। ১৯১ পৃষ্ঠার রায়ের কপি মুজাহিদকে দেওয়া হয়েছে। রিভিউ দাখিল করার আগে মুজাহিদ আরও একবার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানান তিনি।
কবে রিভিউ আবেদন করা হবে, জানতে চাইলে শিশির মনির বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যেই রিভিউ আবেদন করবেন। আদালত আগামী ১ নভেম্বর খুলবে। এর আগে কোনো সুযোগ নেই। শিশির মনির ছাড়া আইনজীবীদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজি তামিম।
মুজাহিদের বড় ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শের পর তাঁরা মুজাহিদের সঙ্গে দেখা করবেন।
মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গত বুধবার প্রকাশিত হয়। ওই দিন রাত আটটার দিকে আপিল বিভাগের এ দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনালের তিন বিচারপতি গত বৃহস্পতিবার সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানায় সই করেন। ওই দিন বিকেলেই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।