রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের শাহবাগ অবরোধ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে দেওয়া ৯০ বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সোমবার মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। সর্বোচ্চ শাস্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করার ঘোষণা দেন। তবে রাতে তাঁরা শাহবাগ এলাকা ছেড়ে যান।
রায় ঘোষণার পর ‘প্রহসনের এই রায় জনগণ মানে না’, ‘আপসের পরিণাম, বাংলা হবে পাকিস্তান’—এসব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগে ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তাঁরা এই রায় প্রত্যাখ্যান করেছেন। গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা আগের মতোই শাহবাগে অবস্থান নেবেন। গোলাম আযমের রায় ও জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের দেখা গেলেও ছাত্রলীগের মুখচেনা কাউকে দেখা যায়নি। দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। এ সময় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি রূপসী বাংলা হোটেলের সামনের মোড় ঘুরে শাহবাগ ও দোয়েল চত্বর হয়ে আবারও শাহবাগে ফিরে আসে। এরপর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে জাদুঘরের সামনের সড়কে অবস্থান করেন মঞ্চের নেতা-কর্মীরা। গোলাম আযমের ফাঁসির দাবিতে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। রায় শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। বেলা পৌনে দুইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন মঞ্চের কর্মীরা।
ক্ষুব্ধ কর্মীদের কয়েকজন শাহবাগে একটি বাস ভাঙচুরের চেষ্টা চালান। অন্যরা তাঁদের নিবৃত্ত করেন। শাহবাগ মোড়ে হরতালের সময় দায়িত্ব পালনকারী সহকারী পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আকতার মোড় থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় আন্দোলনকারীরা তাঁকে লাঞ্ছিত করেন। এ বিষয়ে জানতে চাইলে স্নিগ্ধ আকতার কোনো মন্তব্য করতে রাজি হননি। বেলা সাড়ে তিনটার দিকে জাদুঘরের সামনের ফোয়ারার কাছে দুটি ককটেল ছোড়া হয়। কে বা কারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ওই দুটি ককটেল ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। এতে কেউ হতাহত হয়নি। সন্ধ্যার পর গণজাগরণ সাংস্কৃতিক মঞ্চ জাতীয় জাদুঘরের ফটকের সামনে ‘হাসি কর্মসূচি’ গ্রহণ করে। এ সময় তাঁরা বক্তব্য দিয়ে ব্যঙ্গাত্মক হাসির মাধ্যমে রায়ের প্রতিক্রিয়া জানান। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণজাগরণ মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ফার্মগেট হয়ে আবার শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। আজ মঙ্গলবার সকাল থেকে মঞ্চের কর্মসূচি আবার শুরু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।