রায় প্রত্যাশিত, সন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, এ রায় প্রত্যাশিত ছিল।

রায় ঘোষণা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রবেশমুখে বসানো হয় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর।

প্রতিক্রিয়া: ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘এ রায় প্রত্যাশিত ছিল। এ রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নেতৃত্বের দায়বদ্ধতা। কামারুজ্জামান আলবদরের নেতা ছিলেন। তাঁর বাহিনী যে অপরাধ করেছে, এর দায় তিনি এড়াতে পারেন না।’

ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি মনে করি, রায়টি অনেক সুনির্দিষ্ট ও ভালো হয়েছে। আমরা ৪২ বছর ধরে এ রায়ের জন্য অপেক্ষা করছি। তরুণেরা এ রায়ের ফলে শান্তিতে ঘুমাতে পারবেন।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আজকের রায় ঐতিহাসিক। রায়ে আইনের ব্যাখ্যা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধের বিচারে অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এই রায়ের ফলে সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করছি।’

মানববন্ধন, পরে আনন্দ মিছিল: মানবতাবিরোধীদের বিচারের দাবিতে বেলা ১১টায় ট্রাইব্যুনালের সামনে জড়ো হন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যরা। এ সময় তাঁরা ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ ও ‘কামারুজ্জামানের ফাঁসি চাই’ স্লোগান দেন। রায়ের পর মানববন্ধন পরিণত হয় আনন্দ মিছিলে। তাঁরা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে মাজার গেট থেকে মাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান ও মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন।

নিরাপত্তা বলয়: সরেজমিনে দেখা যায়, বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসংলগ্ন সড়ক, শিক্ষা ভবন, দোয়েল চত্বর ও প্রেসক্লাব-সংলগ্ন কদম ফোয়ারা এলাকার সড়ক অবরোধ করা হয়। পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান বলেন, আগে তিনটি রায় হয়েছে। রায়ের পরবর্তী পরিস্থিতি মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। হরতাল শেষে রাস্তাগুলো খুলে দেওয়া হয়।