রায় বহালের দাবি গণজাগরণ মঞ্চের

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বহালের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল মঙ্গলবার শাহবাগে গণজাগরণ মঞ্চের গণঅবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
আজ বুধবার আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় দেবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে মঞ্চ। আজও এ উপলক্ষে কর্মসূচি আছে।
পূর্বঘোষণা অনুযায়ী বিকেল চারটায় শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আশা করছি আপিল বিভাগ এই কুখ্যাত যুদ্ধাপরাধীকে তার প্রাপ্য সাজাই দেবেন।’
সন্ধ্যায় মঞ্চের কর্মীরা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের হাতে শহীদ নূতন চন্দ্রের প্রতিকৃতিতে আলোক প্রজ্বালন করে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।