
পাহাড়ের পাশে কেসি দে সড়ক। ওই সড়কের পাশে জরাজীর্ণ তিনতলা ভবন। গায়ে সিমেন্টে খোদাই করা ভবনটির নাম ‘মহামায়া ডালিম ভবন’। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় এই ভবনই মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামবাসীর কাছে ছিল আতঙ্কের নাম। তৎকালীন ইসলামী ছাত্র সংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) নেতা মীর কাসেম আলী এই ভবনে গড়ে তুলেছিলেন নির্যাতনকেন্দ্র।
তখন ভবনটি পরিচিতি পেয়েছিল ‘ডালিম হোটেল’ নামে। কুখ্যাত আলবদর বাহিনীর এই নির্যাতনকেন্দ্রে সে সময় নির্মম ও বর্বর নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাঁদের স্বজন এবং চট্টগ্রামবাসী সেই দুঃসহ স্মৃতি এখনো ভোলেননি। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে সেই মীর কাসেমের ফাঁসির রায়ে খুশি তাঁরা। রায়ে সন্তোষ জানানোর পাশাপাশি দাবি জানিয়েছেন রায় দ্রুত কার্যকরের।
একাত্তরে ডালিম হোটেলে নির্যাতনের শিকার কদমতলীর মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী গতকাল রোববার মীর কাসেমের ফাঁসির রায় শুনে আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আজ আমার ঈদের দিন। ফাঁসির রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। এখন আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না।’ অফিসের লোকজনকে মিষ্টি আনতে বললেন। শুভাকাঙ্ক্ষীরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন।
মীর কাসেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর চৌধুরী জানান, মুক্তিযুদ্ধকালে ডালিম হোটেলে সেই নির্যাতনের স্মৃতি মনে করে তিনি এখনো শিউরে ওঠেন। তিনি বলেন, ‘একাত্তরের ২৩ বা ২৪ নভেম্বর আমাকে চোখ বেঁধে ডালিম হোটেলে ধরে নিয়ে যায়। সেখানে ধরে নিয়ে যাওয়া আমার ভাইসহ (প্রয়াত দস্তগীর চৌধুরী) ১৫-২০ জনকে দেখতে পাই। আমাদের নিয়মিত নির্যাতন করা হতো। চোখ-হাত বাঁধা থাকত। কয়েক দিন পর চোখ খুলে দিলে সেখানে দেখতে পাই মীর কাসেমকে।’ ১৬ ডিসেম্বর বিজয়ের পর তিনি ওই বন্দী অবস্থা থেকে মুক্তি পান।
ডালিম হোটেলে নিয়ে হত্যা করা হয়েছিল পাশের হাজারী গলির টুনটু সেনকে। তাঁর ভাগনে ও এই মামলার সাক্ষী প্রদীপ তালুকদার বলেন, ‘রায়ে আমরা খুশি।’
একাত্তরের ২৪ নভেম্বর ওই নির্যাতনকেন্দ্রে ধরে নিয়ে যাওয়া হয় গণতন্ত্রী পার্টির নেতা সাইফুদ্দিন খানকে। ১৭ ডিসেম্বর আহতাবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। কয়েক বছর আগে মারা যাওয়া সাইফুদ্দিন খানের স্ত্রী নারীনেত্রী নূরজাহান খান বলেন, ‘রায়ে আনন্দ-বেদনা দুটিই হচ্ছে। এই রায় যেন কার্যকর হয়। যদি এই রায় তিনি (সাইফুদ্দিন) দেখে যেতে পারতেন, তাহলে আরও খুশি হতাম।’
ডালিম হোটেলে নির্যাতনের শিকার ও এই মামলার ১ নম্বর সাক্ষী সৈয়দ মো. এমরান রায় শুনে উচ্ছ্বসিত। তিনি জানান, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় তাঁকে একাত্তরের ৩০ নভেম্বর মীর কাসেমের নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ১৬ ডিসেম্বর তিনি মুক্তি পান। মীর কাসেম কলেজিয়েট স্কুলে তাঁর সহপাঠী ছিলেন। আজও ডালিম হোটেল তাঁর কাছে আতঙ্ক।
মীর কাসেমের প্রত্যক্ষ নির্যাতনের শিকার সাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘এই রায় শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে কাসেমের প্রাপ্য ছিল। আজ দেশের মানুষ খুশি, আমিও খুশি। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন দেশ কলঙ্কমুক্ত হবে।’
এলাকাবাসী জানান, ওই ভবনের মালিক চন্দ্রমোহন নাথ মুক্তিযুদ্ধ শুরু হলে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। তখন সেখানে আস্তানা গড়েন মীর কাসেম। এখন বাড়িটির নিচতলায় একটি মুদি দোকান এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাড়াটে থাকেন। তবে ঘরগুলোতে সে সময়ের কোনো চিহ্ন নেই।
পাশের বাড়ির অমিতাভ সেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। ওই ভবন থেকে প্রতি রাতে আর্তচিৎকার শোনা যেত। মুক্তিযুদ্ধের পর অনেক দিন পর্যন্ত ভয়ে ওই ভবনে কেউ ঢোকেনি।’