রায় রিভিউর সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবে আলম
মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতে, আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করার সুযোগ নেই।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়।
আজ মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। বেঞ্চের বিচারপতিরা হলেন সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের কাছে তাঁর মতামত তুলে ধরেন। তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করার সুযোগ নেই। কারণ ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনটি সুরক্ষা দেওয়া হয়েছে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এ রায়ের পর তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ সমাজের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) সংশোধন বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে আইনে সরকারের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল না। গত ৩ মার্চ সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আর সাজা থেকে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত ১ এপ্রিল থেকে শুনানি শুরু হয়।

আসামি ও সরকার—উভয় পক্ষের দুটি আপিলের ওপর ৩৯ কার্যদিবস শুনানি শেষে ২৩ জুলাই আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। শুনানি শেষ হওয়ার ৫৪ দিনের মাথায় আজ চূড়ান্ত রায় ঘোষিত হলো।

সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে (৪: ১) সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর ও সাজা থেকে অব্যাহতি চেয়ে কাদের মোল্লার আপিল খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ষষ্ঠ অভিযোগে (হযরত আলী, তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও ধর্ষণ) সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কাদের মোল্লাকে ষষ্ঠ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

কাদের মোল্লার বিরুদ্ধে আনা ১, ২, ৩ ও ৫ নম্বর অভিযোগের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।এ ছাড়া ৪ নম্বর অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।এ অভিযোগটি থেকে তাঁকে খালাস দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।