রায় শুনে কাদের মোল্লা 'বিমর্ষ'

ফাঁসির আদেশ শোনার পরে বিমর্ষ দেখা গেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে।
আজ মঙ্গলবার দুপুর দুইটার পরে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ এর কর্মকর্তা ও কর্মচারীরা কাদের মোল্লাকে রায়ের কথা জানান। কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলো ডটকমকে জানান, রায় শোনার পর কাদের মোল্লা বিমর্ষ হয়ে পড়েন। তবে এ সময় তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করেন। জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আরও জানান, রায়ের চূড়ান্ত কপি হাতে পেলে কাদের মোল্লাকে সঙ্গে সঙ্গে সাধারণ সেলে থেকে কনডেম সেলে পাঠানো হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাদের মোল্লাকে রায়ের খবর জানানো হয়নি। কাশিমপুর কারাগারের পার্ট-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির জানান, কারাগারের পার্ট-২-এর ৬০ সেল ভবনে বন্দী হিসেবে কাদের মোল্লাকে রাখা হয়েছে। আজ পর্যন্ত তিনি বাগানের মালির কাজ করছেন। ফাঁসির রায়ের কাগজ পাওয়ার পর তাঁকে কনডেম সেলে নেওয়া হবে। কনডেম সেলে নেওয়ার পর তিনি আর ‘মালি’ থাকবেন না।