রায় শুনে শহীদদের প্রতি ঘাটারচরবাসীর শ্রদ্ধা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় শোনার পর ঘাটারচর এলাকার শহীদনগর কবরস্থানে মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার পরিজনেরা ’৭১ সালের ২৫ নভেম্বর গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ঘাটারচর গণহত্যার মামলার বাদী মোজাফফর আহমেদ বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায়ে আমি সন্তুষ্ট। রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। শুধু ফাঁসির রায় ঘোষণা করলে হবে না। রায় কার্যকর হলেই আমার ও দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে।’
কেরানীগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান ফরাজী বলেন, ‘৭১-এর ২৫ নভেম্বর ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত রাজাকারদের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীরা আমাদের ঘাটারচর ও আটি ভাওয়াল মনোহরিয়া গ্রামে পশুর মতো মানুষ হত্যা করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ ঘটনায় নিহত হওয়ার পর শুধু ঘাটারচর শহীদনগর কবরস্থানে ৫২ জনকে দাফন করা হয়েছে।’
আটি দাড়িপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী বলেন, ‘জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে বড় অভিযোগ ঘাটারচর গ্রামের নারকীয় হত্যাকাণ্ড। প্রথম রায়ে সেই অভিযোগটি আদালত আমলে নেয়নি। আজকের রায়ে আমরা কেরানীগঞ্জবাসী খুশি।’ তিনি আরও বলেন, ‘কেবল কাদের মোল্লার ফাঁসি নয় অন্যান্য মানবতাবিরোধী জামায়াত নেতাদের ফাঁসির রায় আশা করছি।’