রায় শুনে 'বিমর্ষ' কাদের মোল্লা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে ফাঁসির আদেশ শোনার পর বিমর্ষ হয়ে পড়েন কাশিমপুর কারাগারে বন্দী জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা।
কাশিমপুর কারাগারের পার্ট-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার পর কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির রায়ের খবর দেন। এ সময় তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল। তিনি রায় শুনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
কারা তত্ত্বাবধায়ক আরও জানান, কাদের মোল্লা কারাগারের পার্ট-২-এর ৬০ নম্বর সেলে আছেন। তিনি গতকাল পর্যন্ত বাগানের মালির কাজ করছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে সাধারণ সেল থেকে কনডেম সেলে পাঠানো হবে। এরই মধ্যে কনডেম সেল (মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাখার কক্ষ) প্রস্তুত করা হয়েছে। কনডেম সেলে নেওয়ার পর তিনি আর ‘মালি’ থাকবেন না।
সর্বশেষ ৭ সেপ্টেম্বর স্ত্রী সানোয়ার জাহান ও ছেলে হাসান মওদুদসহ কয়েকজন আত্মীয়স্বজন কারাগারে গিয়ে কাদের মোল্লার সঙ্গে সাক্ষাৎ করে যান।