রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি। গতকাল সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এ আদেশ দেন।
নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে এ বিষয়ে বিরূপ মন্তব্য করায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। তলব করা নেতারা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহীম। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ১৬ সেপ্টেম্বর আদালত অবমাননার বিচার-সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হয়ে তাঁদের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
জামায়াতের আবেদন খারিজ
আদালত সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিটের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম, নির্বাচন কমিশনের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন।
চেম্বার বিচারপতির আদেশের পর নির্বাচন কমিশনের কৌঁসুলি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, সব পক্ষকে শুনে স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করেছেন আদালত। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত জামায়াত দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না—এটাই চূড়ান্ত।
তবে জামায়াতের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করেই জানলাম যে আবেদনটি (সিএমপি) কার্যতালিকায় উঠেছে। আমরা চেয়েছিলাম, আজকে (সোমবার) মামলাটি যাতে শুনানি না হয়। একই সঙ্গে বলেছিলাম, আমাদের জ্যেষ্ঠ আইনজীবী ছুটির কারণে বাইরে আছেন। কিন্তু আদালত স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।’
জামায়াতের এই আইনজীবী দাবি করেন, ‘আবেদন আমরা জমা দিয়েছি, কোর্টে উত্থাপন করেনি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও এখন পর্যন্ত বের হয়নি। সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট সার্টিফিকেট দেওয়ার ফলে সরাসরি আপিল করা হবে। চেম্বার জজ বলেছেন, যেহেতু সরাসরি আপিল হবে, সেহেতু এভাবে স্থগিতাদেশ চাওয়ার প্রয়োজন নেই বলে খারিজ করেছেন।’ তিনি বলেন, ‘যখন নিয়মিত আপিল ফাইল করব, তখন ওই রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়ার অধিকার থাকবে। তাই স্থগিতাদেশ চাওয়ার অধিকার এখনো বলবৎ রয়েছে।’ তাঁর দাবি, রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত ইসি কোনো পদক্ষেপ নিতে পারবে না।
নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। ওই দিনই রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে জামায়াত।
দুই নেতাকে তলব: হাইকোর্টের রায় ঘোষণার পর জামায়াতের প্রচার বিভাগের মো. ইব্রাহিমের স্বাক্ষরে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের দেওয়া বিবৃতির একটি কপি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রেজা সোবহান।
ওই বিবৃতিতে বলা হয়, ‘এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।’ এতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, এটা আইনের শাসন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী। এ রায়ে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে।...পবিত্র রমজান মাসের শেষ দিকে এসে মহামান্য হাইকোর্টের ছুটির ঠিক আগের দিন আদালত চলার সর্বশেষ মুহূর্তে এই মামলার রায় ঘোষণা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।’
শুনানিতে মাসুদ রেজা সোবহান বলেন, এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। রুল জারির আরজি জানান তিনি।
আদালত এ বিষয়ে আদেশ দিতে গেলে সেখানে উপস্থিত জামায়াতের নিবন্ধন মামলার অন্যতম আইনজীবী বেলায়েত হোসেন বলেন, এই মুহূর্তে কোনো আদেশ না দিয়ে তাঁদের সময় দেওয়ার আবেদন জানান।
একপর্যায়ে আদালত বলেন, ‘৭ আগস্ট ছুটি হতে পারে। রুল ইস্যু করতে চাইছি।’
জবাবে বেলায়েত হোসেন বলেন, জ্যেষ্ঠ আইনজীবীর নির্দেশনা অনুসারে এটা জামায়াতের দলীয় বিষয়। এ ব্যাপারে বিবৃতিতে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। রুল ইস্যু না করে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে।
আদালত বলেন, ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্তের বক্তব্য না শুনে বিষয়টি নিষ্পত্তি করা ঠিক না। পরে আদালত রুলসহ আদেশ দেন।