রায় ২০ এপ্রিল পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করতে তাঁর স্ত্রীর করা রিট আবেদনের ওপর রায়ের জন্য ২০ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ দিন ধার্য করেন।
৯ এপ্রিল এ আবেদনের ওপর শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য করা ছিল। কিন্তু সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রায় ঘোষণার দিন পুনর্নির্ধারণের আরজি জানান। তিনি বলেন, সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁরা আদালতকে কয়েকটি অতিরিক্ত নথি দিতে চান। পরে আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে দেন।
একটি স্বাধীন কমিশন বা কমিটি গঠন করে সরকার সালাহ উদ্দিনকে খুঁজে বের করুক বা তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করুক—এ আরজি জানিয়ে ৯ এপ্রিল আদালতে শুনানি শেষ করেন হাসিনা আহমদের আইনজীবীরা। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ দাবি করেন, সালাহ উদ্দিন জীবিত। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, হি (সালাহ উদ্দিন) ইজ অ্যালাইভ, ভেরি মাচ অ্যালাইভ, একটা ল এনফোর্সিং এজেন্সি তাঁকে ধরে নিয়ে গেছে।’
সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ হাসিনা আহমদ রিট আবেদন করলে হাইকোর্ট রুল দেন। গত ১০ মার্চ রাত থেকে তিনি নিখোঁজ।