জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই দিন ধার্য করেন।
আদালত এই মামলায় জামিনে থাকা সাত আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠান।
গতকাল এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
এই মামলায় ১৩ জন আসামির মধ্যে সাতজন জামিনে ছিলেন। গতকাল জামিন বাতিল করে কারাগারে পাঠানো এই সাতজন হলেন মো. নাজমুল হুসেইন, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান, নাজমুস সাকিব, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।
মামলার পলাতক ছয় আসামি হলেন খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব, মাহবুব আকরাম ও জাহিদ হাসান। আসামিদের সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে ছাত্রলীগের প্রতিপক্ষের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার পরদিন আশুলিয়া থানায় এই মামলা করে। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।