রায়কে ন্যায় বিচারের বিচ্যুতি বলল অ্যামনেস্টি
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার আদালতের দেওয়া এই রায়কে ন্যায়বিচার থেকে বিচ্যুতি বলে উল্লেখ করেছে সংগঠনটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপ্রধান পরিচালক পলি ট্রুস্কট বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। এই রায় বাস্তবায়িত হলে তা হবে আরও ১৫২টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মতো।
দণ্ডিত ব্যক্তিদের সবাই ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ড, অপহরণ ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন।
পলি ট্রুস্কট বলেন, এটি বোঝা যায় যে বাংলাদেশের কর্তৃপক্ষ এই বিচারের মাধ্যমে এ ঘটনার একটি নিষ্পত্তি চায়। কিন্তু এত মানুষের মৃত্যুদণ্ড কেবল দুর্ভোগই বাড়াবে। তিনি বলেন, এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ বেসামরিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগটি হারাল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রায়টি নিষ্ঠুর প্রতিশোধ নেওয়ার জন্যই। সূত্র: অ্যামনেস্টি ওয়েবসাইট।