রায়কে 'আঁতাতের রায়' বললেন ইমরান

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায়কে ‘আঁতাতের রায়’ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রায় ঘোষণার পর আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এ রায় দেওয়া হয়েছে। এই রায় উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এ রকম একটি রায় দেওয়ার জন্য বছর খানেক ধরে ষড়যন্ত্র হচ্ছে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ যাতে আন্দোলন করতে না পারে, সে জন্য গণজাগরণ মঞ্চকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, এমন একটি রায় হতে যাচ্ছে।’ এ রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের তরুণ সমাজসহ সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ থেকে ট্রাইব্যুনালের দিকে গেছেন।
এদিকে গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরীর অংশটি সকালে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে, পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা সেখানে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করছেন।