রায়কে 'ন্যায়ভ্রষ্ট' বলল জামায়াত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশকে ‘ন্যায়ভ্রষ্ট’ রায় বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে আজহারুল ছিলেন আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার।
মকবুল আহমাদ বলেন, ‘মাননীয় আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন, তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে এ টি এম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে তিনি খালাস পাবেন বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।’
বিবৃতিতে মকবুল আহমাদ আরও বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে, দেশে-বিদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের বক্তব্যে প্রতীয়মান হয় যে, আদালতের বিচার কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। আমাদের প্রতিবাদ ও গণতান্ত্রিক কর্মসূচি সরকারি ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে। আর সরকারের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের সাংবিধানিক অধিকার। সরকার ট্রাইব্যুনালে পরিচালিত বিচার কার্যক্রমকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে।’