রায়গঞ্জ হাসপাতাল ধ্বংসের মুখে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাসপাতালে এসে রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। নিরাপত্তাপ্রহরী না থাকায় চুরি যাচ্ছে মূল্যবান সরঞ্জাম। সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ভবন। এখানে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। হাসপাতাল এলাকা এখন মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত হয়েছে। গত সোমবার সরেজমিনে গিয়ে এ চিত্রই দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে ৯ দশমিক ৪৮ একর জমির ওপর কয়েক কোটি টাকা ব্যয়ে ১০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হয়। এখানে আটটি ভবন রয়েছে। এর মধ্যে একটি দ্বিতল হাসপাতাল ভবন, তিনটি ডক্টরস কোয়ার্টার, তিনটি তৃতীয় শ্রেণি, দুটি দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার রয়েছে। ১৯৯৭ সাল পর্যন্ত তিনজন এমবিবিএস চিকিৎসক ও কয়েকজন সেবিকা এখানে অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা দিয়েছেন। কর্তৃপক্ষ ১৯৯৮ সালে হাসপাতালের বহির্বিভাগ চালু রেখে অন্তর্বিভাগ বন্ধ করে দেয়। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে এখন চলছে বহির্বিভাগ। এতে এখানে স্থানীয় লোকজন এখানে এসে যথাযথ সেবা পাচ্ছে না।
গত সোমবার নাগেশ্বরী উপজেলা শহর থেকে নয় কিলোমিটার দূরে রায়গঞ্জ হাসপাতালে গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভবনেই দরজা-জানালা নেই। চুরি হয়ে গেছে মূল্যবান সরঞ্জাম। বিশাল হাসপাতাল ভবনের বারান্দায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌতম চন্দ্র গোস্বামী রোগী দেখছেন।
গৌতম গোস্বামী জানান, প্রতিদিন বহির্বিভাগে শতাধিক রোগী হয়। জরুরি বিভাগ চালু না থাকায় অধিকাংশ রোগীকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হয়। এখানে তিনি ছাড়া একজন ফার্মাসিস্ট, বাবুর্চি ও ঝাড়ুদার আছেন। কোনো নিরাপত্তাপ্রহরী নেই।
হাসপাতাল থেকে কিছুদূর এগিয়ে দেখা যায়, কয়েকজন যুবক গাছের ছায়ায় দুটি দলে ভাগ হয়ে জুয়া খেলছেন। হাসপাতাল এলাকার বাসিন্দা সাহানা পারভিন বলেন, হাসপাতাল এলাকায় দিন-রাতে জুয়াড়ি ও মাদকসেবীরা আসর বসায়। হাসপাতালের পাশের এলাকার মেকজন বিবি বলেন, ‘হাসপাতালের ভবনগুলোর দরজা, জানালা, পাইপ, লোহার গেট, বিদ্যুতের তার, ইট, কাঠ, পাখা, যন্ত্রপাতি সইগ (সব) চুরি হবার নাগছে। দেখার কাইয়ো (কেউ) নাই।’
লিটন নামের স্থানীয় এক যুবক বলেন, হাসপাতালে পানি তোলা মোটর, বিদ্যুতের জেনারেটর, রেফ্রিজারেটর, চিকিৎসার যন্ত্রপাতি, শয্যা, চেয়ার, টেবিল, আলমারিসহ অসংখ্য জিনিস ছিল। এর মধ্যে অধিকাংশই চুরি হয়ে গেছে।
রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু মণ্ডল জানান, এ ইউনিয়নে হাসপাতাল না থাকায় মানুষ কষ্ট পাচ্ছে। দ্রুত হাসপাতালটি চালু করা উচিত।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, ‘হাসপাতালটি কেন বন্ধ হলো তা জানি না। আমি হাসপাতালটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি।’
কুড়িগ্রামের সিভিল সার্জন মো. জয়নাল আবেদিন জানান, তিনি রায়গঞ্জ হাসপাতালের জায়গায় একটি শিশু হাসপাতাল অথবা নার্সিং ইনস্টিটিউট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল অথবা মেডিকেল টেকনোলজিস্ট ট্রেনিং সেন্টার স্থাপন করার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছেন।