রায়গঞ্জে পাঁচ হাজার জেএসসি পরীক্ষার্থীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারু ও কারুকলা বিষয়কে আবশ্যিক ঘোষণার তিন বছর পরও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩৮টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবদের দেওয়া তথ্য মতে, আগামী ১ নভেম্বর থেকে সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলায় এ বছর ৪ হাজার ৮৭২ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এ বিষয়ে শিক্ষক নিয়োগ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৫০ নম্বরের চারু ও কারুকলা বিষয়কে আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৩ সালে জেএসসি পরীক্ষার্থীরা প্রথমবারের মতো চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। জেএসসিতে ৫০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর রচনামূলক অংশে চিত্র আঁকা, নকশা করা ও রং করার কাজ আছে।
উপজেলা সদরের ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় থেকে এ বছর ১৮৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ে কোনো শিক্ষক নেই। তবে এ বিষয়ে ভালো ধারণা আছে এমন শিক্ষককে দিয়ে পাঠদান করা হচ্ছে।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২৪৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, সাধারণ শিক্ষকদের মধ্য থেকে এ বিষয়ে পাঠদান করতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে নির্বাচনীসহ বিভিন্ন পরীক্ষায় তাঁরা উত্তরপত্র মূল্যায়ন করেছেন।
উপজেলার তিনটি বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জানায়, এ বিষয়ে বিদ্যালয় অথবা এলাকায় ভালো জানা কেউ না থাকায় ধারণা অনুযায়ী শিখতে হচ্ছে। অথচ শহরের ছেলেমেয়েরা এ বিষয়ে অনেক ভালো করছে।
উপজেলার চারটি বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও শিক্ষাজীবনে চারু ও কারুকলা বিষয়ে ধারণা থাকার কারণে বিদ্যালয়ে এ বিষয়ের দায়িত্ব নিতে হয়েছে। বোর্ডে আবেদন করে তাঁরা এ বিষয়ে পরীক্ষকও হয়েছেন।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী গতকাল বৃহস্পতিবার বলেন, বিদ্যালয়গুলোর তুলনামূলক অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে আপাতত এ বিষয়ে পাঠদান করা হচ্ছে।