রায়গঞ্জে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র ব্যবহূত হচ্ছে না
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন পণ্যসামগ্রী ফরমালিনমুক্ত করতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র কেনা হলেও ব্যবহূত হচ্ছে না বলে জানা গেছে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, মাস খানেক আগে এক লাখ ২৬ হাজার টাকায় ফরমালিন শনাক্তকরণ যন্ত্র কেনা হয়। বিভিন্ন পর্যায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলার হাটবাজারগুলোতে ফরমালিনযুক্ত মাছ, শাকসবজি, ফলমূলসহ খাদ্যদ্রব্যে ফরমালিন শনাক্ত করার জন্য যন্ত্রটি কেনা হয়। কিন্তু দীর্ঘদিনেও যন্ত্রটির ব্যবহার শুরু হয়নি।
ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা জানান, উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, সলঙ্গা, নিমগাছীসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ফরমালিন শনাক্তকরণ যন্ত্র কেনার কথা শুনে কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন। সাধারণ মানুষ আশা করেছিলেন, এবার হয়তো উপজেলার হাটবাজারগুলোতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রের ব্যবহারের ফলে তাঁরা ফরমালিনমুক্ত মাছ, শাকসবজি, ফলমূল খেতে পারবেন।
অভিযোগ উঠেছে, যন্ত্রটির ব্যবহার শুরু না হওয়ায় ব্যবসায়ীরা আগের মতোই ফরমালিনযুক্ত বিভিন্ন পণ্য বিক্রি করছেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু-একটি বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।