সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মা ও নবজাতকের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রকাশিত প্রতিবেদনে মাতৃস্বাস্থ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিত্যগোপাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার ধানগড়া ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান এবং টি এম শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলী আকবর সরকার প্রমুখ।
প্রতিবেদনে বলা হয়, উপজেলার নয়টি ইউনিয়নে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত প্রসব পরিকল্পনাকারী মায়ের সংখ্যা ছিল ৩ হাজার ৫৪ জন। এঁদের ৪৫২ জনের নিকট আত্মীয়ের রক্তের বিভাগ শনাক্ত করে রাখা হয়, যেন তাঁরা প্রয়োজনের সময় রক্ত দিতে পারেন। প্রসব পরিকল্পনাকারী মায়ের সংখ্যা এখন ৮১ শতাংশ। সন্তান প্রসবের দুই দিনের মধ্যে ৩৬ শতাংশ মা দক্ষ স্বাস্থ্যকর্মীদের দিয়ে সেবা নেন।
এ ছাড়া নবজাতকের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।