রায়গঞ্জে সড়কে হাট, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের জন্য নির্ধারিত বেশির ভাগ জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে সড়কের ওপর হাট বসায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, ধানগড়া বাজারে এখন প্রতি রোববার ও বুধবার হাট বসে। অতীতে এখানে মঙ্গলবার এবং শুক্রবারও কম-বেশি হাট বসত। তখন সপ্তাহে চার দিন ধান, চাল, সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করা হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় পালতোলা নৌকা নিয়ে আসতেন ব্যবসায়ীরা। এখানকার লোকজনও নৌকা বোঝাই করে বিভিন্ন পণ্য বিক্রির জন্য অন্য এলাকায় নিয়ে যেতেন। কিন্তু পাশের ফুলজোড় নদীর অব্যাহত ভাঙনের কারণে গত কয়েক বছরে হাটের অস্তিত্ব আজ প্রায় বিলীন। হাটের ২৫ বিঘা জমির বেশির ভাগই নদীগর্ভে চলে গেছে। বর্তমানে চার বিঘার মতো যে জায়গা আছে, তাতে কোনোমতেই কুলোয় না। ফলে বাধ্য হয়ে অনেকে পাশের সড়কের ওপরে বসে পড়েন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ফুলজোড় নদী ভাঙতে ভাঙতে প্রায় সড়কের কাছে চলে এসেছে। এর ফলে ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপরই পণ্যসামগ্রী নিয়ে বসে গেছেন। এতে করে যান চলাচল দূরের কথা, হাঁটাচলা করাও দায়।
হাটে সবজি বিক্রি করতে আসা কয়েকজন লোক বলেন, খাজনা দিয়েও এখন হাটে জায়গা পাওয়া যায় না। ফলে কারও দোকানের সামনে অথবা সড়কের ওপর বসে জিনিসপত্র বিক্রি করতে হয়। এতে অনেক সময় দোকানিদের সঙ্গে ঝামেলা বাধে। হাটের দিন বিশেষ করে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে। কারণ, স্থানীয় ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সড়কটি ব্যবহার করতে হয়।
রায়গঞ্জ পৌরসভা সূত্র জানায়, আপৎকালীন ব্যবস্থা হিসেবে হাটের দিন এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিকল্প হিসেবে পাশের একটি বাইপাস সড়ক ব্যবহার করতে যানবাহনকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না।
হাটের দিন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে পৌর কর্তৃপক্ষ সড়কের দুদিকে হাটের প্রবেশমুখে লোকবল (পৌর পুলিশ) নিয়োগ করেছে। প্রবেশমুখে দায়িত্ব পালনকারী হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কথা অনেকেই শুনতে চায় না। জোর করে যানবাহন সড়কে ঢুকে পড়ে।’
রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, বাজারের বাকি জায়গাটুকু ভাঙনের হাত থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও ভাঙছে। তাই বিকল্প কোথাও হাট সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে।