রায়গঞ্জে সাত দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ক্ষুদ্র ব্যবসায়ী সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দোকানের জন্য সিগারেট কিনতে ৫০ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হালদারপাড়ার শ্যামল হালদার (৩৫) গত ১৮ জানুয়ারি সকালে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে সিগারেট কিনতে বগুড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতেও তিনি না ফেরায় বাড়ির লোকজন তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পায়। গত সোমবার নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী সীমা রানী হালদারসহ পরিবারের লোকজন রায়গঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে ঘটনাস্থল রায়গঞ্জ থানার মধ্যে না হওয়ায় জিডিটি গ্রহণ করা হয়নি বলে পরিবারের লোকজন জানান।
রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারটি মুষড়ে পড়েছে। ছেলে অপু হালদার (১৪) আর মেয়ে নূপুর হালদারকে (৮) নিয়ে স্বামীর ফিরে আসার দিন গুনছেন তাঁর স্ত্রী।
রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম গতকাল মঙ্গলবার বলেন, নিখোঁজ হওয়ার স্থান বগুড়া জেলায় হওয়ায় এ থানায় জিডি নেওয়া হয়নি। তবে নিখোঁজ ব্যক্তির ছবিসহ পরিচয় বিভিন্ন থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।