রায়পুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টারের বিরুদ্ধে গত বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগের এক নেতাকে মারধরের প্রতিবাদে শহরের বিভিন্ন সড়কে তাঁরা মিছিল করে মহড়া দেন।
আলতাফ হোসেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া জানান, কয়েক মাস আগে চরবংশী ইউনিয়নের খলিফাবাড়ি ও হাওলাদারবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যানের লোকজন গত বুধবার রাতে খাসেরহাট বাজারে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুনকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন।
আল মামুন বলেন, আলতাফ হোসেনের লোকজন তাঁর ওপর হামলা করে টাকা ও মোবাইল নিয়ে যায়।
উপজেলা চেয়ারম্যান আলতাফ জানিয়েছেন, এলাকার ঘটনা তিনি জানেন না। কাণ্ডজ্ঞানহীনভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি।