রায়পুরে অতিবৃষ্টিতে ১৩ কোটি টাকার সয়াবিন নষ্ট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অতিবৃষ্টিতে ১৩ কোটি টাকার সয়াবিন নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় থেকে সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
তবে অনেক কৃষকের দাবি, কৃষি কার্যালয়ের দেওয়া এ তথ্য সঠিক নয়। কারণ, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপজেলার ৮০ শতাংশ সয়াবিনখেতই তলিয়ে গেছে। এতে পঁচে নষ্ট হয়ে গেছে শতকোটি টাকার সয়াবিন।
কৃষকেরা বলেন, কয়েক বছরের তুলনায় এ বছর সয়াবিনের ভালো ফলন হয়। কিন্তু ফসল ঘরে তোলার কয়েক দিন আগে হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। এতে চোখের সামনেই ডুবে যায় পাকা সয়াবিন। নষ্ট হয়ে গেছে প্রায় ৮০ শতাংশ সয়াবিন। এতে শতকোটি টাকার ক্ষতি হয়েছে। আর যেসব সয়াবিন তাঁরা ঘরে তুলেছেন, তা-ও পচে গেছে।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, রায়পুরের চারটি ইউনিয়নের চরাঞ্চলের হাজার হাজার কৃষক সয়াবিনের ওপর নির্ভরশীল। ধারদেনা করে তাঁরা মৌসুমে সয়াবিনের চাষ করেন। তিনি আরও বলেন, তাঁর ইউনিয়নে আবাদ করা প্রায় ৮০ শতাংশ সয়াবিন পানিতে নষ্ট হয়ে গেছে।
কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৮০০ হেক্টর জমির সয়াবিন ডুবে গেছে। এতে উৎপাদিত এক হাজার ৬০০ মেট্রিক টন সয়াবিন নষ্ট হয়ে গেছে। এ কারণে পাঁচ হাজার কৃষকের ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় পশ্চিমাঞ্চলের চরকাছিয়া, চরজালিয়া, চরঘাসিয়া, চরইন্দুরিয়া ও নতুন কানিবগার চরে চার হাজার ৫১০ হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে বেশি আবাদ করা হয়েছিল।
২০ বছর ধরে সয়াবিনের ব্যবসা করছেন সাইজুদ্দিন মোল্লা। তিনি বলেন, কয়েক বছর ধরে শুধু উপজেলার পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নে প্রায় ৪০০ কোটি টাকা সয়াবিনের ওপর লেনদেন হয়। তিনিসহ ১০-১২ জন ব্যবসায়ীর সয়াবিনে বিনিয়োগ রয়েছে দুই শতাধিক কোটি টাকা। পাকা সয়াবিন নষ্ট হওয়ায় কৃষকের মতো তাঁরাও দিশেহারা।
সাইজুদ্দিন মোল্লা আরও বলেন, সয়াবিন বদলে দিয়েছে উপকূলীয় হায়দরগঞ্জ বাজার ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রার মান। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠিত সয়াবিন তেল ও পোলট্রি-খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখান থেকে সয়াবিন কেনে।
উপজেলার চরকাছিয়া গ্রামের সয়াবিনচাষি ইসমাইল হোসেন বলেন, ‘এক দশক ধরে আমরা সয়াবিন চাষ করছি। এ বছরের মতো এত বড় ক্ষতি আর কখনো হয়নি। ঋণগ্রস্ত চাষিরা আগের বছরগুলোয় সয়াবিন বিক্রি করে ঋণ পরিশোধ করতেন। এবার সয়াবিন নষ্ট হওয়ায় চাষিরা তাঁদের ঋণ পরিশোধ করতে পারবেন না এবং অর্থসংকটের কারণে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে সময় কাটাতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শামীম আলম বলেন, অনুকূল আবহাওয়ার কারণে সয়াবিন চাষে এবার বাম্পার ফলন হয়েছিল। সয়াবিন ঘরে তোলার সময় এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় কৃষকের সর্বনাশ হয়েছে। ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার কৃষকের তালিকা তৈরি করা হয়েছে।