রায়পুরে অবৈধ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চরকাছিয়া গ্রামে গড়ে তোলা একটি অনুমোদনহীন ইটভাটাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান চালিয়ে এটি বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) সূত্রে জানা গেছে, ২০০৯ সালে উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে মেঘনা ব্রিক ম্যানুফেকচার (এমবিএম) নামে ইটভাটা স্থাপন করা হয়। ইটভাটা চালানোর অনুমোদনপত্র ও পরিবেশের ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ে আবেদন করেন ভাটার পরিচালক। কিন্তু কর্তৃপক্ষ ইট পোড়ানোর অনুমতি দেয়নি। এরপরও সেখানে ইট পোড়ানো শুরু করা হয়। এখানে নিয়ম লঙ্ঘন করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। ভাটার আশপাশে রয়েছে দুই শতাধিক বসতি।
এ বিষয়ে মেঘনা ব্রিক ম্যানুফেকচারের পরিচালক মাহামুদুর রহমান মুরাদ বলেন, ‘জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল। দুই বছর ধরে ইটভাটা আমি অন্য এক ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দিয়েছি।’
কয়েকজন জনপ্রতিনিধি বলেন, ভাটায় কাঠ-টায়ার পোড়ানোর কারণে তাদের সব সময় চোখ জ্বালাপোড়া করে। এতে পরিবেশ বিপন্ন হচ্ছে।
ইউএনও শারমিন আলম বলেন, লাইসেন্স না নিয়ে ইটভাটা করা সম্পূর্ণ বেআইনি। তা ছাড়া ভাটাটি নিয়ম অনুযায়ী করা হয়নি। এ ধরনের ইটভাটার ধোঁয়ার কারণে পরিবেশ বিপন্ন হয়। এ জন্য এটি বন্ধ করা হয়েছে।