রায়পুরে গণপিটুনিতে নিহত ২
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজিরচর গ্রামে গতকাল বুধবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে।এ সময় ডাকাতেরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।তাদের গুলিতে ১৫ জন গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজিরচর গ্রামের শরীফ হোসেন ও মিজানুর রহমানের বাড়িতে রাত দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢুকে পড়ে।এ সময় বাড়ির লোকজনের চিত্কারে এলাকাবাসী জড়ো হতে থাকেন এবং পুলিশে খবর দেন।ডাকাতেরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।এতে গ্রামের ১৫ জন বাসিন্দা গুলিবিদ্ধ হন।আহত হন রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম, কনস্টেবল নীল কমল ঢালী ও মো. হানিফসহ আরও ২৫ জন।পুলিশের পাল্টা গুলিতে দুই ডাকাত গুরুতর আহত হলেও অন্যরা পালিয়ে যায়।পরে এলাকাবাসী তাদের পিটুনি দিলে দুজন ঘটনাস্থলে মারা যায়।তাদের পরিচয় জানা যায়নি।
আহত ও গুলিবিদ্ধ ব্যক্তিদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি তাজা গুলি, পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন এএসআই আবদুর রহিম।তিনি জানান, ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় রড দিয়ে আঘাত করলে তিনি আহত হন।
গুলিবিদ্ধ ব্যবসায়ী কবির উদ্দিন জানান, ডাকাতেরা পালানোর সময় অন্তত শতাধিক গুলি করে ও পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।ডাকাতেরা যে দুটি বাড়িতে ঢুকেছে, সেখান থেকে কিছু নিতে পারেনি বলে জানান তিনি।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ছয়টি রাবার বুলেট ছুড়েছে।এ ঘটনায় পৃথক তিনটি মামলা হবে।ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।