রায়পুরে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে গত বৃহস্পতিবার রাত একটার দিকে গুলিতে নিহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল। রায়পুর থানার মূল ফটকের কাছে রাস্তার পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনসের আর্মস ব্রাঞ্চে (অস্ত্র শাখা) কর্মরত ছিলেন।
রায়পুর থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে পুলিশ কর্মকর্তার মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে দাবি করলেও দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবদুল জলিলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলেছেন।
রায়পুর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে বিদ্যুতের দাবিতে রায়পুরে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইনস থেকে রায়পুরে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। আবদুল জলিলও দায়িত্ব পালনের উদ্দেশ্যে সেখানে যান।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে এলে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে চা খেতে থানার পাশের দোকানে যান আবদুল জলিল। সেখানে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহতাবস্থায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও চায়ের দোকানদার দেলোয়ার হোসেন বলেন, আবদুল জলিলসহ তিনজন পুলিশ সদস্য রাত একটার দিকে তাঁর দোকানে আসেন। তাঁরা দোকানের ভেতরে বসার সঙ্গে সঙ্গে একটি গুলির শব্দ হয়। এ সময় জলিল মাটিতে পড়ে যান। দোকানে তখন অন্য কোনো ক্রেতা ছিল না।
রায়পুর থানার পুলিশের পক্ষ থেকে গতকাল সকালে প্রথমে বলা হয়েছিল, অসতর্কতার কারণে ট্রিগারে চাপ লেগে নিজের অস্ত্রের গুলিতে আবদুল জলিল নিহত হয়েছেন।
তবে লাশের ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, নিজের অস্ত্রের গুলিতে নয়, জলিলকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘জলিলের কাছে এসএমজি অস্ত্র ছিল। কিন্তু তিনি মারা গেছেন শটগানের গুলিতে। তা ছাড়া তাঁর জন্য ৬০টি গুলি বরাদ্দ ছিল। সেই গুলিগুলো অক্ষত ছিল।’
পুলিশ সুপার বলেন, বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার পর রাতে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে জলিলকে গুলি করতে পারে। অন্য পুলিশ সদস্যদের কাছে শটগান ছিল। অসাবধানতাবশত তাঁদের গুলিতেও মারা যেতে পারেন। তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন এএসপি সার্কেল মো. সৈকত শাহীন ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হক আকন্দ। এ ছাড়া গতকাল রাতে রায়পুর থানায় আবদুল জলিল নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। থানার উপপরিদর্শক জহিরুল হক এ মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুর ১২টায় জেলা পুলিশ লাইনস মাঠে আবদুল জলিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর বড় ভাই আবদুল মতিনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
আবদুল জলিলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিবল্লভপুরে। স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে তাঁর। গতকাল বেলা তিনটায় হরিবল্লভপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে আবদুল জলিলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।