রায়পুরে ঝুঁকিপূর্ণ ভবনে হাজার শিক্ষার্থীর পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষের বিমের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। বাঁশের মাধ্যমে বিম ঠেস দিয়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষের বিমের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। বাঁশের মাধ্যমে বিম ঠেস দিয়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

তিন বছর আগে লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভবনটির দ্বিতীয় তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও ঝুঁকিপূর্ণ ওই ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। এতে হাজারো শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার একমাত্র বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি অবগত করে একাধিকবার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩১ জন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দ্বিতীয়তলার ছাদের ও বিমের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। এ কারণে রড বেরিয়ে গেছে। কয়েকটি বিমে ফাটল ধরেছে। এ জন্য সব সময় আতঙ্কের মধ্যে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় তলার পাঁচটি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। ওই ভবনের নিচতলায় রয়েছে অফিসকক্ষ, শিক্ষক, প্রধান শিক্ষকের কক্ষসহ সাতটি কক্ষ।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার বলে, ‘আতঙ্ক নিয়ে প্রতিদিন আমাদের বিদ্যালয়ে আসতে হয়। ক্লাস চলাকালে কিছুক্ষণ পরপর ছাত্রীরা ছাদের দিকে তাকায়। দুই বছর আগে পলেস্তারা খসে পড়ে কয়েকজন ছাত্রী আহত হয়েছে।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, তিন বছর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকির মধ্যেই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তিনি জানান, বিদ্যালয়ের ভেতরের ছাদের বিম-দেয়াল ও শৌচাগারের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে পলেস্তারা। এ ছাড়া দরজা-জানালা ও লোহার গ্রিলগুলোর অধিকাংশই মরচে ধরে নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকায় এ বিদ্যালয়ের নামটি অন্তর্ভুক্ত আছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন ভবন করা হবে।