রায়পুরে থানাহাজতে আসামির মৃত্যু, বিক্ষোভ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার থানাহাজতে আজ বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা। জয়নাল রিকশাচালক ছিলেন।
জয়নালের ভাই তসলিম উদ্দিন অভিযোগ করেন, পুলিশি নির্যাতনে জয়নালের মৃত্যু হয়েছে। এখন সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, জয়নালের স্ত্রী পারুল আক্তার তাঁর বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে রায়পুর থানাহাজতে নিয়ে আসা হয়। আজ সকালে তাঁকে হাজতের লোহার গ্রিলের সঙ্গে গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন তাঁর মৃত্যু হয়েছে।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমদাদুল হক প্রথম আলো ডটকমকে জানান, সকালে সাতটা ৫৫ মিনিটে তাঁকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে।
ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে ৪০-৫০ জন রিকশাচালক মিছিল নিয়ে রায়পুর থানায় হামলা চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের ১০ সদস্য আহত হন। এ ছাড়া এএসআই সিরাজ মিয়ার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে পুলিশ লাঠিপেটা ও বেশ কয়েক দফা রাবারের গুলি নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লক্ষ্মীপুরের-রায়পুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন শতাধিক রিকশাচালক।
প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা আল মামুন। জয়নালের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।