রায়পুরে দরপত্র ভাগাভাগির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯৭ লাখ টাকার কাজ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ওই কমিটি গঠন করেন।
এদিকে গতকাল শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত না হওয়া পর্যন্ত দরপত্রের কার্যক্রম স্থগিত রাখার জন্য মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, কাজ ভাগাভাগি ও ঠিকাদারদের দরপত্র কিনতে না দেওয়ায় মনির হোসেন নামের এক ঠিকাদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে জ্যেষ্ঠ সহকারী কমিশনার সুজন চৌধুরীকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও পৌরসভার কয়েকজন কাউন্সিলর সাধারণ ঠিকাদারদের দরপত্র কিনতে দেননি।
এ ব্যাপারে পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘দরপত্রের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশের চিঠি পেয়েছি।’