রায়পুরে মিল্ক ভিটার দুধ সংগ্রহ শুরু
প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্রে দুধ সংগ্রহ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে খামারিরা কেন্দ্রে দুধ সরবরাহ করছেন। কর্তৃপক্ষ গত সোমবার দুধ সরবরাহ করতে খামারিদের চিঠি দেয়।
তিনজন খামারি বলেন, কেন্দ্রটি নতুন ভবনে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ গত ২০ জুলাই থেকে সমবায়ী খামারিদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করে দেয়। গত ৪ আগস্ট শীতলীকরণ যন্ত্রটি নতুন ভবনে স্থানান্তর করা হলেও তা চালু করা হয়নি। এ কারণে আড়াই মাস ধরে দুগ্ধ উৎপাদনকারী শতাধিক খামারি চরম ভোগান্তিতে ছিলেন।
মিল্ক ভিটার রায়পুর কারাখানার ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, দুধ সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার খামারিরা কেন্দ্রে দুধ সরবরাহ করেছেন।
রায়পুর কারখানা সূত্র জানায়, সমবায়ীদের কাছ থেকে দুধ কিনে রায়পুরের মিতালি বাজারের কারখানায় শীতলীকরণ (ঠান্ডা) করে মিল্ক ভিটার ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠানো হয়। ২৫টি সমিতির শতাধিক খামারি এ কারখানায় দুধ সরবরাহ করেন। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার লিটার দুধ পাওয়া যাচ্ছে।