রায়পুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে যৌতুক না পেয়ে গত শুক্রবার দিবাগত রাতে কুলছুমা বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ গোয়ালঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কুলছুমার মা আলতাফী বেগম বাদী হয়ে স্বামী মাসুদ হাসানকে (৩০) প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন। জানা গেছে, দক্ষিণ গাইয়ারচর গ্রামের ছনু মিয়া হাওলাদারের মেয়ে কুলছুমার সঙ্গে প্রায় দুই মাস আগে পার্শ্ববর্তী চরমোহনা গ্রামের আলী আহামঞ্চদের ছেলে মাসুদ হাসানের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। সম্প্রতি মাসুদ বাবার বাড়ি থেকে আরও ৩০ হাজার টাকা এনে দেওয়ার জন্য কুলছুমাকে চাপ দেন। ওই টাকা না পেয়ে কুলছুমাকে তাঁর স্বামী ও পরিবারের লোকজন কয়েকবার মারধরও করে।
নিহত কুলছুমার মা আলতাফী বেগম বলেন, শুক্রবার রাতে মাসুদ কুলছুমাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে পাশের গোয়ালঘরের সঙ্গে ওড়না পেঁচিয়ে তাঁর লাশ ঝুলিয়ে রাখে। রায়পুর থানার সহকারী উপপরিদর্শক আবদুর রহিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে স্বামীসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।