রায়পুরে শিক্ষকের বাড়িতে যুবলীগ নেতার হামলা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব গাইয়ার চর গ্রামে গত মঙ্গলবার রাতে এক শিক্ষকের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় পিটিয়ে ওই শিক্ষকের স্ত্রীর হাত ভেঙে দেওয়া হয়। এতে চারজন আহত হন। দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার ওই সহকারী শিক্ষক কার্তিক মহাজন জাহাঙ্গীরসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই রাতেই পুলিশ মামলার আসামি আনোয়ার, নুর উদ্দিন ও জিয়াউল হককে গ্রেপ্তার করেছে।
কার্তিকের পরিবার ও এলাকাবাসী জানান, ৬ নভেম্বর পূর্ব গাইয়ার চর গ্রামের কার্তিক মহাজনের বসতঘরের সামনের একটি মেহগনিগাছ কেটে নেন জাহাঙ্গীর ও তাঁর লোকজন। এ সময় বাধা দিতে গেলে কার্তিক মহাজনকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার পরদিন তিনি আদালতে জাহাঙ্গীরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এর পর থেকে জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা মামলা প্রত্যাহারের জন্য কার্তিক ও তাঁর পরিবারের সদস্যদের চাপ দিতে থাকেন। গত সোমবার রাতে নিজ বাড়ির সামনে কার্তিক মহাজনের বাবা সুনীল মহাজনকে মারধরও করা হয়।
কার্তিকের মা মনোপ্রভা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে জাহাঙ্গীর ও তাঁর ভাই আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক কার্তিকের ঘরের দরজা-জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে আলমিরাতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেন। বাধা দিলে মনোপ্রভা, তাঁর স্বামী সুনীল মহাজন, কলেজপড়ুয়া মেয়ে ও কার্তিকের স্ত্রীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে কার্তিকের স্ত্রীর একটি হাত ভেঙে যায়। তাঁদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মা সালেহা বেগম দাবি করেন, ‘আমাদের গাছ আমরাই কেটেছি। তবে কে বা কারা তাঁদের (কার্তিক) বসতঘরে হামলা চালিয়েছে, তা বলতে পারব না।’
রায়পুর উপজেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনা প্রমাণিত হলে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।